বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু, তার স্ত্রী শিরিন আকতার ও ছেলে শেখ ছাবিদ হাই অনিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়।
দুদক সূত্র, প্রায় ৫৭ কোটি টাকা কানাডায় পাচারসহ প্রায় ২০৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, কানাডায় টাকা পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দুদক সূত্র জানায়, বেসিক ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে শেখ আব্দুল হাই বাচ্চু ৫৮টি ভুয়া প্রতিষ্ঠান খুলে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ঋণ নিয়ে ১২৪ কোটি ৯৩ লাখ ৬ হাজার ২৭৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে ৫৬ কোটি ১৬ লাখ ৬০ হাজার ২৬০ টাকা কানাডায় পাচার করেছেন।
৩৬ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ৩০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ আব্দুল হাই বাচ্চুর স্ত্রী শিরিন আকতারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই মামলায় শেখ আব্দুল হাই বাচ্চুকেও আসামি করা হয়েছে।
