অস্ট্রেলিয়ার রাজধানীতে কয়েক মাসের মধ্যে তৃতীয়বারের মতো ফুটেছে পচা মাংসের মতো ঝাঁঝালো গন্ধযুক্ত একটি বিরল ফুল। এটি করপস ফ্লাওয়ার (মৃতদেহ ফুল) বা বৈজ্ঞানিকভাবে অ্যামোরফোফালাস টাইটানিয়াম নামে পরিচিত।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ক্যানবেরার 'অস্ট্রেলিয়ান ন্যাশনাল বোটানিক গার্ডেনে' গত ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো এই ফুল ফুটেছে।
জানুয়ারির শেষের দিকে সিডনি রয়্যাল বোটানিক গার্ডেনে অল্প সময়ের জন্য আরেকটি ফুল ফুটেছিল। প্রায় ২০ হাজার মানুষ সেটি দেখতে গিয়েছিল। এছাড়া গত নভেম্বরে মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে জিলং বোটানিক গার্ডেনে একই ধরনের একটি ফুল ফোটে।
করপস ফ্লাওয়ার বা মৃতদেহ ফুলের গাছটি জন্মস্থান ইন্দোনেশিয়ায় 'বুঙ্গা বাংকাই' নামে পরিচিত। পশ্চিম সুমাত্রা অঞ্চলের রেইনফরেস্টের স্থানীয় প্রজাতির উদ্ভিদ এটি।
ফুলগুলো প্রাকৃতিক আবাসস্থলে প্রতি ৭ থেকে ১০ বছরে কয়েক দিনের জন্য ফোটে। এর তীব্র ঘ্রাণ মাছি জাতীয় পোকামাকড়কে আকর্ষণ করে। বন্য অঞ্চলে মাত্র ৩০০টি এই প্রজাতির উদ্ভিদ বেঁচে আছে বলে মনে করা হয়।
এদিকে, ক্যানবেরার ভারপ্রাপ্ত নার্সারি ম্যানেজার ক্যারল ডেল বলেন, অস্ট্রেলিয়ায় এই ফুলটি ফোটার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। দেশে থাকা গাছগুলোর বেশিরভাগই একই বয়সের। তারা অবশেষে একটি ফুল উত্পাদন করার জন্য পর্যাপ্ত কার্বোহাইড্রেট সঞ্চয় করেছে।
ডেল বলেন, এই গাছগুলো সাধারণত প্রথমবারের মতো ফুল ফোটাতে যে সময় নেয়, তার চেয়ে কিছুটা বেশি সময় ধরে এটি আমাদের সংগ্রহে রয়েছে। তাই আমরা মনে করি না যে, ক্যানবেরার জন্য আমাদের সঠিক পরিবেশ রয়েছে। এটা আমাদের অবাক করে দিয়েছিল, খুবই আনন্দদায়ক।
তিনি আরও বলেন, শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নতুন ফুলটি তার খুলতে শুরু করে। এর দুর্গন্ধে দ্রুত চারিপাশ খারাপ হয়ে যায়। সন্ধ্যা নাগাদ এটি অবিশ্বাস্যভাবে গন্ধ ছড়িয়েছে। রাস্তার ওপার থেকে আমরা গন্ধ পাচ্ছিলাম।
তিনি বলেন, গ্রিনহাউসের মধ্যে স্থান সীমাবদ্ধতার কারণে টিকিটিং সিস্টেমে ফুলটি দেখার জন্য শত শত জনতা ভিড় জমায়। ভক্তরা এই দুর্গন্ধকে বিভিন্ন মৃত প্রাণী, পচা ডিম, ঘামে ভেজা মোজা, নর্দমা এবং আবর্জনার সাথে তুলনা করছিলেন। আজ সোমবারের মধ্যে দুর্গন্ধের সবচেয়ে খারাপ সময় পার হয়ে গেছে।
