রঙিন স্বপ্নের নায়িকা

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৯:৩১

র কি ব  হো সে ন

 

হাসিতে তার দারুণ এক মায়ার ছায়া। চোখে কী যেন জাদু খেলা করে। আর এই মায়া ও জাদুতেই দর্শকদের কাছে টেনেছেন চিত্রনায়িকা শিরীন শিলা। টিভি নাটকের সিঁড়ি বেয়ে এখন দেশীয় চলচ্চিত্রপ্রেমীদের কারো কারো মনে ঠাঁই করে নিয়েছেন এই তারকা। তবে শুরুতে চলচ্চিত্রের প্রতি তেমন কোনো আগ্রহই ছিল না তাঁর। গুণী অভিনেত্রী রাশেদা চৌধুরী একটি নাটকের সেটে তাঁকে দেখেন। সেখানে শিলার নায়িকাসুলভ আচরণ দেখে বলেছিলেন, ‘তুমি চলচ্চিত্রে কাজ করলে ভালো করবে। তোমার মধ্যে নায়িকা নায়িকা একটা ব্যাপার আছে।’ কিন্তু শিলা তখন রাশেদা চৌধুরীকে সবিনয়ে জানিয়েছিলেন এই মাধ্যমে কাজের প্রতি তাঁর কোনো আগ্রহই নেই। এরপরও রাশেদা চৌধুরী তাঁকে নিজের মোবাইল নম্বরটা দিয়ে বলেন, ‘যদি কখনো তোমার সিদ্ধান্তের পরিবর্তন হয়, তবে তুমি আমাকে কল কোরো।’ এভাবে দিন যায় মাস আসে। ওই সময় বেশ কিছু ভালো ভালো চলচ্চিত্র মুক্তি পায় এ দেশে। মাহিয়া মাহি ও বাপ্পী চৌধুরীর ‘ভালোবাসার রং’ ছবিটিও এই মিছিলে ছিল। ফলে শিরীন শিলা ঠিক করেন এখন চলচ্চিত্রে কাজ করা যায়। ছোটবেলা থেকেই নায়িকাদের মতো গেটআপ নিয়ে চলা শিলাকে চলচ্চিত্র হাতছানি দিয়ে ডাকতে শুরু করে। সময় করে একদিন রাশেদা চৌধুরীর সঙ্গে চলচ্চিত্রপাড়ায় যাওয়া হয় শিরীন শিলার। প্রাচী কথাচিত্রের আকবর নতুন এই মুখকে পরিচয় করিয়ে দেন পরিচালক ওয়াজেদ আলী সুমনের সঙ্গে। নতুন মুখের মাঝে নতুন মায়া, নতুন চোখে নতুন জাদু খুঁজে পান পরিচালক। শিরীন শিলা বলেন, ‘এই প্রযোজনা প্রতিষ্ঠানের হিটম্যান ছবিতে আমাকে শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে প্যারালাল নায়িকা হওয়ার প্রস্তাব দেন পরিচালক ও প্রযোজক। কিন্তু প্রথম ছবিতেই আমি এ ধরনের চরিত্রে কাজ করতে চাইনি। কিন্তু তাঁরা আমাকে বোঝালেন, তুমি এটাকে স্ক্রিন টেস্ট হিসেবে নিতে পার। ছবিটি বড় বাজেটের। দেখো না দর্শক তোমাকে কিভাবে গ্রহণ করে। সবকিছু ভেবে ছবিটি করতে রাজি হই। এরপর ছবিটি মুক্তি পেলে দর্শক আমাকে দারুণভাবে গ্রহণ করে। এই ছবিতে আমার লিপে একটি গান ছিল ‘দেখ না ও রসিয়া’ শিরোনামের। এটি বেশ দর্শকপ্রিয়তা পায়। ছবিতে আমার চরিত্রের পরিধি বড় ছিল না। কিন্তু অল্প উপস্থিতিতেও আমার নাচ, গান ও অভিনয় নির্মাতামহলে সাড়া জাগায়।’ শিরীন শিলার অভিনীত মুক্তি পাওয়া অন্যান্য ছবির মধ্যে রয়েছে কাশেম মণ্ডলের ‘ক্ষণিকের ভালোবাসা’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’ ইত্যাদি।