জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়ে কোচিংয়ে নেমেছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। সদ্য শেষ হওয়া বিপিএলে ধারাবর্ণনা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। এবার তার মনোযোগ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। যেখানে হান্নান সরকার আবাহনীর প্রধান কোচের দায়িত্ব সামলাবেন।
গেলবার খালেদ মাহমুদ সুজনের হাত ধরে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল। এবার আবাহনীর ডাগআউট সামলাবেন হান্নান। তার হাত ধরে আবাহনীতে কারা খেলতে চলেছেন, সেটি এক নজরে দেখে নেওয়া যাক।
গেল বারের দল থেকে এবার আবাহনী ধরে রেখেছে নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকতকে। এছাড়া এই দলে দেখা যাবে নাহিদ রানা, মোহাম্মদ মিঠুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, মেহেরব হোসাইন অহিন, রিপন মন্ডল, আনামুল হক, আফিফ হোসেনের মতো ক্রিকেটারকে।
এছাড়াও রয়েছেন মেহেদী হাসান, শাহরিয়ার কমল, নাঈমুর রহমান নয়ন, শামসুল অনিকরাও। দলটিতে ট্রেনার হিসেবে থাকছেন ইফতেখার ইফতি। ফিজিও হিসেবে কাজ করবেন মোসাদ্দেদ সানি। আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের আসরের দলবদল। সবকিছু ঠিক থাকলে মার্চের ৩ তারিখ থেকে মাঠে গড়াবে ডিপিএলের এবারের আসর। গেল আসরে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় আবাহনীতে থাকলেও এবার সেটি দেখা যাচ্ছে না।
কারা থাকছেন মোহামেডানে
বিপিএলে চ্যাম্পিয়ন কোচ মিজানুর রহমান বাবুল। ঘরোয়া ক্রিকেট ডিপিএলে এবার তিনি সামলাবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্ব। দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি এবারের ডিপিএলের জন্য তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। চলতি আসরে দলটিতে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিনরা।
