বিজ্ঞাপনের পর এবার নাটকে তাঁরা

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৯:৩২

 

মা হ মু দু ল  আ মি ন

 

ছোট পর্দার প্রিয় মুখ মডেল ও অভিনেত্রী মিথিলা চাকরির ব্যস্ততার কারণে অভিনয়ে নিয়মিত সময় দিতে পারেন না। তবে বছরের বিশেষ বিশেষ দিবসগুলো উপলক্ষে নির্মিত নাটকে অভিনয়ের চেষ্টা করেন। এরজন্য ছুটির দিনগুলোকে কাজে লাগান। সেই চেষ্টারই প্রতিফলন হিসেবে এবারের ঈদের বেশ কয়েকটি নাটকে কাজ করছেন মিথিলা। এর আগে একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন মিথিলা ও ছোটপর্দার এই সময়ের আলোচিত অভিনেতা ইরফান সাজ্জাদ। এবারই প্রথম তাঁরা একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ছোট পাখি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। চলতি সপ্তাহের শুরুতেই নাটকটির নির্মাণের কাজ শেষ হয়েছে। নাটকটির গল্প প্রসঙ্গে গৌতম কৈরী বলেন, ‘এটি একটি পারিবারিক গল্পের নাটক। এই নাটকের গল্পে মিথিলা ও ইরফান সাজ্জাদ স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। গল্পের প্রয়োজনে আছে মা, ভাই, বোন। আমাদের আধুনিক সামাজিক জীবনে স্বামী-স্ত্রী যে ভেতর থেকে অসুখী জীবনযাপন করছে, তা-ই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে অবশ্যই তার একটি সুন্দর সমাধানও আছে। নির্মাতা হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে আমি তা তুলে ধরার চেষ্টা করেছি।’ এর আগে ইরফান সাজ্জাদ গৌতম কৈরীর নির্দেশনায় অভিনয় করলেও, এবারই প্রথম মিথিলা কৈরীর নির্দেশনায় অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘গৌতম ও সাজ্জাদের সঙ্গে এবারই আমার প্রথম কাজ করা। শুটিংয়ের সময় দুজনের মধ্যেই সহযোগিতার মনোভাবটা পেয়েছি। নিঃসন্দেহে কৈরী একজন ভালো নির্মাতা এবং অবশ্যই সাজ্জাদ একজন ভালো অভিনেতা। আমরা সবাই একটি ভালো টিম হয়ে কাজ করেছি। যার ছাপ অবশ্যই দর্শক নাটকে দেখতে পাবেন।’ ইরফান সাজ্জাদ বলেন, ‘এর আগেও গৌতম কৈরীর নির্দেশনায় নাটকে অভিনয় করেছি। তবে নাটকে সহশিল্পী হিসেবে এবারই প্রথম মিথিলার সঙ্গে আমার কাজ করা। মিথিলা পারফেক্ট একজন অভিনেত্রী। একজন মানুষ হিসেবে, সহশিল্পী হিসেবে তাঁকে আমি ভীষণ পছন্দ করি। বন্ধুত্বপূর্ণ একটি পরিবেশ তৈরি করে তিনি কাজকে সহজ করে তোলার চেষ্টা করেন। যে কারণে কাজও অনেক ভালো হয়। নাটকটিতে তাঁর আর আমার রসায়ন দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে আশা করছি।’ আগামী ঈদে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে। এর আগে মিথিলা ও ইরফান সাজ্জাদ সজীব মাহমুদের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন।