বিতর্কের কেন্দ্রবিন্দুতে

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৯:৩৩

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

 

বিতর্ক যেন কঙ্গনা রানাওতের পিছু লেগে আছে। কোনোভাবেই তাকে ছাড়ছে না। এমনিতেই বলিউডের ঠোঁটকাটা নায়িকা হিসেবে তাঁর বদনাম রয়েছে। কেউ তাঁকে সহজে ঘাটাতে চান না, সুকৌশলে এড়িয়ে চলতে চান প্রায় সবাই। কিন্তু তারপরও কঙ্গনা মাঝেমধ্যে নিজ থেকে চড়াও হন বিভিন্ন জনের ওপর। এবার ঘটেছে আরেক নতুন ঘটনা। মুক্তিপ্রতীক্ষিত নতুন সিনেমা ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’র টিজার লঞ্চিং অনুষ্ঠানে বিনোদন সাংবাদিক জাস্টিন রাইয়ের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন কঙ্গনা। তাঁর অভিযোগ সাংবাদিক জাস্টিন কঙ্গনা অভিনীত ‘মনিকার্নিকা :দ্য কুইন অব ঝাঁসি’র বিরূপ সমালোচনা করেছিলেন। সিনেমাটিকে উগ্র জাতীয়তাবাদীর তকমা দিয়েছিলেন সেই সাংবাদিক। তবে জাস্টিন কঙ্গনার সব অভিযোগ অস্বীকার করেন। এ নিয়ে তাদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়। সে সময় কঙ্গনা অশালীন ভাষায় গালিগালাজ করেন ওই সাংবাদিককে। এ সময় কঙ্গনার পক্ষে গালিগালাজে যোগ দেন তাঁর ছোটবোন রাঙ্গুলি। ওই ঘটনার পর ভারতীয় সাংবাদিক সমাজ একজোট হয়ে কঙ্গনার বিরুদ্ধে বয়কটের ঘোষণা দিয়েছেন। ভারতীয় প্রেস ক্লাব কঙ্গনাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বললেও তাদের দাবি প্রত্যাখ্যান করে পাল্টা সাংবাদিকদের এক হাত নিয়েছেন বলিউডের স্পষ্টবাদী এই সুপারস্টার অভিনেত্রী। কঙ্গনা রানাওত বলিউডে ক্যারিয়ার শুরুর পর থেকে এ পর্যন্ত নানাভাবে বিতর্ক ও সমালোচনার জালে নিজেকে জড়িয়েছেন। ‘কুইন’ কিংবা ‘দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমাগুলোয় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোড়ন সৃষ্টিকারী কঙ্গনাকে এখন সবাই চেনে বিতর্কের রানি হিসেবে। বেশ কয়েকবার সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ অন্যান্য প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড জয়ী কঙ্গনাকে এই মুহূর্তে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন বিবেচনা করা হয়ে থাকে। বিভিন্ন সিনেমায় চ্যালেঞ্জিং রোলে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নিজের যোগ্যতার উজ্জ্বল প্রমাণ দেওয়া এই অভিনেত্রী নিজেকে একটি আলাদা অবস্থানে অধিষ্ঠিত করেছেন। ‘গ্যাংস্টার’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করা কঙ্গনা প্রথমেই চমকে দিতে পেরেছিলেন দর্শক-সমালোচকদের। এরপর ‘ফ্যাশন’, ‘ওহ লামহে’, ‘লাইফ ইন অ্যা মেট্রো’, ‘কুইন’, ‘তনু ওয়েডস মানু’, ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন মুম্বাই’, ‘রাঙ্গুন’, ‘মনিকার্নিকা :দ্য কুইন অব ঝাঁসি’ প্রভৃতি সিনেমায় তাঁর দুর্দান্ত অভিনয় প্রমাণ করে দিয়েছে নিজেকে একজন পরিণত অভিনেত্রী হিসেবে বিকশিত করতে সক্ষম হয়েছেন কঙ্গনা। স্রেফ একজন সুঅভিনেত্রীই নয়, বলিউডের একজন প্যাশন দুরস্ত তারকা হিসেবেও কঙ্গনার আলাদা পরিচিতি রয়েছে। ক্যারিয়ারের শুরু থেকে নানা ঘাতপ্রতিঘাত মোকাবিলা করে এগোতে হয়েছে। তার চলার পথে ফুল বিছানো ছিল না কোনোভাবেই। কোনো বিশেষ ঘরানার কিংবা নির্ধারিত প্রযোজনা সংস্থার বাঁধা অভিনেত্রী হিসেবে তাঁকে দেখা যায়নি কোনো সময়। বলিউডের নবীন-প্রবীণ প্রতিষ্ঠিত-অপ্রতিষ্ঠিত সব পরিচালক-প্রযোজকের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে আসছেন তিনি। ফলে কঙ্গনাকে একজন সংগ্রামী অভিনেত্রী হিসেবে বিবেচনা করেন অনেক চলচ্চিত্র বোদ্ধা ও সমালোচক। তার ঠোঁটকাটা স্বভাব নিয়ে অনেক সমালোচনা-বিতর্ক থাকলেও কেউ কেউ এ জন্য তাঁকে পছন্দও করেন। আগামী সপ্তাহে আসছে কঙ্গনা অভিনীত ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়’ সিনেমাটি। ব্ল্যাক কমেডি ধাঁচের সিনেমাটিতে তাঁর বিপরীতে রয়েছে রাজকুমার রাও। এর আগে তাঁরা দুজন একসঙ্গে ‘কুইন’ সিনেমায় অভিনয় করেছিলেন। বলিউডের গতানুগতিক ধারার অন্য আট-দশটি সিনেমার চেয়ে আলাদা ধাঁচের হবে সিনেমাটি। মুক্তির আগেই সিনেমাটির টিজার, পোস্টার দর্শকদের কৌতূহলী করছে। কঙ্গনা রানাওত অভিনীত আরেকটি সিনেমা ‘পাঙ্গা’র কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভারতীয় জাতীয় পর্যায়ের একজন নারী কাবাডি খেলোয়াড়ের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের ঘাত-প্রতিঘাত নিয়ে আবর্তিত সিনেমাটিতে তাঁকে মূল ভূমিকায় দেখা যাবে। এ সিনেমায় অভিনীত চরিত্রটি ফুটিয়ে তুলতে শুটিং শুরুর আগে একটানা দু মাস প্রশিক্ষকের কাছে কাবাডির প্রশিক্ষণ নিয়েছিলেন কঙ্গনা রানাওত।