মোহাম্মদ আরজ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে গত ৯ জুলাই সার্কিট হাউসে দুঃস্থ শিল্পীদের অনুদানের চেক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশের সংস্কৃতি চর্চার বিকাশ ও প্রসারে নানামুখি প্রকল্প ও প্রণোদনা বাস্তবায়িত করছে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও একজন সংস্কৃতিমনা রাষ্ট্রনায়ক। শিল্পীদের কল্যাণে তাঁর চিন্তাশীলতায় আমাদের শিল্প-সংস্কৃতি-সাহিত্য অঙ্গনের সামগ্রিক বিকাশ চোখে পড়ার মতো। জেলার অর্থনৈতিকভাবে অস্বচ্ছল শিল্পীদের আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি সরকারের কল্যাণ চিন্তারই একটি অংশ।’ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উর্মি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্তরের ৩২ জন শিল্পীকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে সদর ইউএনও পংকজ বড়ুয়া, নাট্য ব্যক্তিত্ব মনজুরুল আলম, কবি আবদুল মান্নান সরকার, সংগীতশিল্পী পীযুষকান্তি আচার্য্য, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণি সজীব, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আঙ্গুর হাজারী, নাটাই ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, রামরাইল ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
