বাবার সেটে আলিয়া, মনে ভয়!

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৯:৩৭

যেন পারিবারিক আয়োজন! সড়ক-২ এর সেটে মহেশ ভাট পৌঁছেছেন অনেক আগেই। এবার আলিয়া ও তার মা গেলেন!

বিনোদন ডেস্ক

 

ঐশ্বরিয়া, ক্যাটরিনা, প্রিয়াঙ্কা চোপড়াসহ বলিউডের বেশিরভাগ অভিনেত্রীই ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশে। আলিয়াই বোধহয় বাকি ছিলেন। তিনিও ব্যাগপত্র গুছিয়ে পাড়ি জমিয়েছেন উটিতে। তবে বেড়াতে নয়! এই সফর সিনেমার কাজেই। বাবা মহেশ ভাট বহুদিন পর ক্যামেরার পেছনে। ১৯৯১-এর হিট ছবি সড়ক-এর সিক্যুয়েল সড়ক ২ বানাচ্ছেন। সেখানেই বাবার পরিচালনায় কাজ করছেন মেয়ে আলিয়া। সেই ছবির শুটিংয়েই উটি গেলেন তিনি।

উটি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আলিয়া ভাট। তিনি বলেন, ‘কাজটি আমার জন্য আনন্দের হলেও বেশ কঠিন। বাবা ক্যামেরার পেছনে থাকবে, এটাই তো সবচেয়ে বড় ভয়। তাই বেশ কয়েকদিন ধরেই প্রস্তুতি নিয়েছি। শেখার জন্যও আমি প্রস্তুত। আমি জানি বাবার কাছ থেকে আমার অনেককিছুই শেখার বাকি।’

তবে এরইমধ্যে শুটিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছেন আলিয়া। ইনস্টাগ্রামে নিজের কাজের ছবি শেয়ারও করেছেন তিনি এবং ভক্তরা তা দেখে অভিভূত। একটি ছবিতে দেখা যায়, স্ক্রিপ্টের নিচে আলিয়া ইমোজি দিয়েছেন ব্যাগ, কফি আর পেন্সিলের। তাতেই বোঝা যাচ্ছে তিনি বেজায় ব্যস্ত। আলিয়া ছাড়াও এই ছবিতে দেখা যাবে পূজা ভাট, আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্ত, যীশু সেনগুপ্ত, প্রিয়াঙ্কা বসু ও অক্ষয় আনন্দকে। আগামী বছরের ১০ জুলাই মুক্তি পাওয়ার কথা সড়ক ২-এর।

আগের সিনেমা সড়ক ছিল রোম্যান্টিক থ্রিলার। ছবির নায়ক-নায়িকা ছিলেন সঞ্জয় দত্ত-পূজা ভাট। শুধু ছবি নয়, ছবির গানও খুবই হিট হয়েছিল সেই সময়। ছবিতে খলনায়ক তৃতীয় লিঙ্গ ‘মহারানি’র চরিত্রে অভিনয় করে বহু পুরস্কার পেয়েছিলেন সদাশিব অম্রপুরকার। ছবিটি ১৯৭৬ সালের আমেরিকান ছবি ট্যাক্সি ড্রাইভার থেকে অনুপ্রাণিত।