বাউন্ডারির সংখ্যা দিয়ে বিজয়ী নির্ধারণ না করে বিশ্বকাপের ফাইনালে আরো একটি সুপার ওভার হতে পারত বলে মনে করেন শচীন টেন্ডুলকার। তিনি বলেন, ‘আমি মনে করি বিজয়ী দল নিশ্চিত হতে আরো একটি সুপার ওভার হওয়া উচিত ছিল। বাউন্ডারির হিসাব না করে আরো একটি সুপার ওভার হলে দুই দলের পক্ষেই সুবিচার হতো। শুধু বিশ্বকাপ ফাইনাল বলে নয়, প্রতিটা ম্যাচই যেহেতু গুরুত্বপূর্ণ তাই সুবিচার করেই জয়ী দল নির্বাচন করা উচিত।’ ফাইনালে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড—দুই দলই ভালো পারফরম্যান্স করেছে বলে লিটল মাস্টার খ্যাত এই সাবেক ক্রিকেটার মনে করেন। তিনি বলেন, ‘অসাধারণ ও উত্তেজনাকর এক ফাইনাল দেখেছি আমরা। এমন ফাইনাল বিশ্বকাপে খুব বেশি দেখা যায়নি। দুই দলই দারুণ পারফরম্যান্স করেছে।’
