আবাহনীকে হারানোর আনন্দে মোহামেডান

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২০:৫৮

স্পোর্টস রিপোর্টার

সেই ১৯৭৫ সালে মোহামেডান ৪-০ গোলে হারিয়েছিল আবাহনীকে। গত মঙ্গলবার সেই একই স্কোর লাইনে মোহামেডান হারাল আবাহনীকে। মাঝে কত জল গড়িয়ে গেছে। আবাহনীকে হারানো দূরের কথা, মোহামেডান ছোটো শক্তির দলগুলোর কাছেও হারতে হারতে ক্লান্ত হয়ে পড়েছিল। প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান টেন্টে কয়েক মৌসুমে ধরে রেলিগেশন শব্দটা উচ্চারিত হয়ে আসছিল। এবারও রেলিগেশনের আশঙ্কা ভর করেছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ৪-০ গোলে আবাহনীকে হারিয়ে মোহামেডান উজ্জ্বলতা ছড়িয়েছে। দারুণ একটা জয় উপহার দিয়েছে। তারপরও বলা যাবে না রেলিগেশনের আশঙ্কা দূর হয়ে গেছে। বিপদ কেটে গেছে। বিপদমুক্ত হতে আরো কিছুটা সময় লাগবে। দু-একটা ম্যাচও জিততে হবে। তবে মোহামেডানের এই জয় ক্লাব আঙিনায় দারুণ সাড়া ফেলেছে। কাল সন্ধ্যায় অনেক কর্মকর্তা ক্লাবে জড়ো হয়েছিলেন। কোচ-খেলোয়াড়রা এই জয়ে দারুণ খুশি। উজ্জীবিত হয়েছেন পরবর্তী খেলার জন্য। অস্ট্রেলিয়ান কোচ সিন ব্রেন্ডেন লেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এমন একটা জয়ের জন্য তিনি মুখিয়ে ছিলেন। আবাহনী দেশের বড়ো দল। মোহামেডানের প্রবল প্রতিপক্ষ। বাংলাদেশের ফুটবলে একটা সময় মোহামেডান-আবাহনীর দাপট দেশ জুড়ে হইচই পড়ে যেত। এসব কথা এখনকার ফুটবলার কর্মকর্তাদের মুখে শুনেছেন। সেই থেকেই আবাহনীর প্রতি বাড়তি নজর অস্ট্রেলিয়ান কোচের। এই কোচ আবাহনীকে হারিয়ে সংবাদমাধ্যমকে বললেন, ‘এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সামনে যে কয়টি খেলা রয়েছে, তার সব কয়টিতে জিততে চাই।’

২০ খেলায় মোহামেডানের ২০ পয়েন্ট। খেলা বাকি রয়েছে ৪টি। আগামী শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৪টায় মোহামেডান খেলবে নোফেলের বিপক্ষে। ২৪ জুলাই নীলফামারীতে বসুন্ধরা কিংসের বিপক্ষে, ২৮ জুলাই ঢাকায় মুক্তিযোদ্ধার বিপক্ষে এবং ৩১ জুলাই ঢাকায় শেষ ম্যাচ রহমতগঞ্জের বিপক্ষে।

২১ খেলায় আবাহনীর পয়েন্ট ৫১। ১ ম্যাচ কম খেলে ২০ খেলায় বসুন্ধরার পয়েন্ট ৫৮। আবাহনী হেরে যাওয়ায় তারা আর কোনো সম্ভাবনা দেখছে না। যদি ক্ষুদ্র সম্ভাবনা থেকেও থাকে, তাতে লড়াইয়ে ফিরে আসার কোনো সুযোগ দেখছে না। হেরে গিয়ে আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস সংবাদমাধ্যমে বলেছেন, ‘মোহামেডান অবশ্যই ভালো খেলেছে। আমরা ভালো খেলতে পারিনি।’

আবাহনীর তিনটি ম্যাচ বাকি রয়েছে। ঢাকাতেই হবে সব খেলা। ২০ জুলাই সাইফের বিপক্ষে, ২৪ জুলাই প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী এবং ২৮ জুলাই শেখ জামালের বিপক্ষে আবাহনীর শেষ ম্যাচ।