নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২০:৫৮

বাস্তবতা মেনে নিয়েছে পিএসজি

 স্পোর্টস ডেস্ক

নেইমার আবারো নিজের পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন—এমন গুঞ্জনের বয়স অনেকদিন হতে চললো। সম্প্রতি নেইমারের প্রকাশ্য বার্সাপ্রীতি তাতে নতুন উপাদান যোগ করেছে। যদিও ব্রাজিলিয়ান এই সুপারস্টারের জন্য বার্সেলোনার কাছ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পাওয়া যায়নি বলেই জানিয়েছে ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। যদিও পিএসজি কোচ বুঝে ফেলেছেন যে, নেইমারকে আর পাচ্ছে না তার দল। এর আগে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছিল ব্রাজিলিয়ান তারকাকে ক্যাম্প ন্যুতে ফিরিয়ে নিয়ে আনতে কাতালান জায়ান্টরা দ্রুতই আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে। গত দুদিন ধরে দুই ক্লাবের মধ্যে আলোচনার ইঙ্গিত পাওয়া গেলেও এখনো চূড়ান্ত কিছুই জানা যায়নি। নেইমারকে দলে ফিরিয়ে আনতে বার্সেলোনা ফিলিপ কৌটিনহো ও ওসমানে ডেম্বেলেকে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও গণমাধ্যমগুলো দাবি করেছে। তবে ফরাসি জায়ান্টরা এখনো বার্সেলোনার কাছ থেকে সুনির্দিষ্টি প্রস্তাব প্রাপ্তির অপেক্ষায় রয়েছে। এদিকে পিএসজির স্পোর্টিং পরিচালক লিওনার্দোর সঙ্গে কুটিনহোর এজেন্ট কিয়া জুরাবজিলয়ানের নিয়মিত যোগাযোগের বিষয়টি এখন আর গোপন নয়।

এক সপ্তাহ দেরিতে হলেও গত সোমবার প্যারিসে পিএসজির অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার। অনুশীলনের সময় তিনি লিওনার্দোর সঙ্গে দেখা করে পিএসজি ছাড়ার কথা জানিয়েছেন। পিএসজি কোচ থমাস টাসেলও জানিয়েছেন কোপা আমেরিকার আগেই নেইমারের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত হয়েছিল। ইনজুরির কারণে নেইমার কোপা আমেরিকায় খেলতে পারেননি।

 কোচ টাসেল বাস্তবতা মেনে নিয়ে বলেছেন, ‘আমি সবকিছুর জন্য প্রস্তুত আছি। আমাদের অবশ্যই তাকে ছাড় দিতে হবে। এ ব্যাপারে অবশ্য আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলিনি। এটা সম্পূর্ণভাবে ক্লাবের সিদ্ধান্ত। এখানে আমার বলার কিছুই নেই।’

সাম্প্রতিক সময়ে নেইমার নানা সমস্যায় জর্জরিত। ধর্ষণের মামলার রেশ কাটতে না কাটতেই তিনি চোটের জন্য ব্রাজিল দল থেকে ছিটকে পড়েন। খেলা হয়নি কোপা আমেরিকা। এরপর পিএসজি-বার্সেলোনা টানাপড়েন নিয়ে শুরু হয় বিতর্ক। নেইমার বলেন,‘চোটের জন্য কোপা আমেরিকায় ব্রাজিল টিম থেকে সরে যাওয়াটা আমার জীবনের সব থেকে যন্ত্রণার মুহূর্ত। সতীর্থদের ধন্যবাদ ওরা কাপটা জিতেছে। সেটা আমার ক্ষতে কিছুটা হলেও স্বস্তির প্রলেপ দিয়েছে। খারাপ সময়টা কাটানোর জন্য আমি প্রায় লুকিয়ে পড়েছিলাম। পরিবারের সঙ্গে, সন্তানের সঙ্গে এই সময়টা কাটিয়েছি। এখন আমি একশ ভাগ সুস্থ। আসছে মৌসুমে সেরা পারফরম্যান্স করে ঘুরে দাঁড়াতে চাই।’ - টাইমস অব ইন্ডিয়া/বাসস