স্পোর্টস রিপোর্টার
কর্নাটকে মিনি রঞ্জি ট্রফিতে দ্বিতীয় চার দিনের ম্যাচে ডা. ডিওয়াই পাতিল ক্রিকেট একাডেমির বিরুদ্ধে প্রথম ইনিংসে লিডের আশায় আছে বিসিবি একাদশ। ব্যাঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গতকাল ম্যাচের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বিসিবি একাদশের সংগ্রহ ৫ উইকেটে ২৬১ রান। নুরুল হাসান সোহান ৬৭, সাইফ হাসান ২৭ রানে অপরাজিত আছেন। এখনো ৭০ রানে পিছিয়ে বিসিবি একাদশ। এর আগে গতকাল সকালে পাতিল ক্রিকেট একাডেমির প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৩১ রানে।
জহুরুল ইসলাম-সাদমান ইসলামের ৯৩ রানের ওপেনিং জুটিতে শুরুটা ভালোই হয়েছিল বিসিবি একাদশের। লাঞ্চের পর সাদমান ৪৯ রান করে আউট হন। দলীয় ১১৩ রানে জহুরুলও ব্যক্তিগত ৪৯ রানে কাটা পড়েন। এক রান পরই অধিনায়ক মুমিনুল (১৮) আউট হন। চতুর্থ উইকেটে ৬৬ রানের জুটি গড়েন নাজমুল শান্ত ও নুরুল হাসান সোহান। শান্ত ৩৪ রান করে ফিরলেও সোহান একপ্রান্ত আগলে ছিলেন। সুবিধা করতে পারেননি আরিফুলও (১৪)। ১৯৯ রানে ৫ উইকেট পতনের পর দিনের বাকি সময়টা সাইফ হাসানকে নিয়ে কাটিয়ে দিয়েছেন সোহান। ৬২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা। আগের দিনের সঙ্গে ৩১ রান যোগ করতেই গতকাল শেষ ২ উইকেট হারিয়েছিল পাতিল ক্রিকেট একাডেমি। সারদেশাই ১২৮ রান করেন। বিসিবি একাদশের তাইজুল ১৪৪ রানে পান ছয় উইকেট।
