দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে নারী ‘এ’ দল

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২০:৫৯

স্পোর্টস রিপোর্টার

দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দল। আগামীকালই দেশ ছাড়ার কথা দলটির। বাংলাদেশের ইতিহাসে নারী ‘এ’ দলের এটাই প্রথম বিদেশ সফর। নারী দলের অপারেশন্স ম্যানেজার হিসেবে যাচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গোল্লা।

সফরে প্রোটিয়া নারী দলের বিরুদ্ধে ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ‘এ’ দল। শুরুতে তিনটি ওয়ানডে ও পরে তিনটি টি-২০ ম্যাচে অংশ নিবে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। বিসিবির উইমেন্স উইং এসব তথ্য নিশ্চিত করেছে।

মূলত নারী ক্রিকেট দলের পাইপলাইনকে শক্তিশালী করতেই ‘এ’ দলের বিদেশ সফরের আয়োজন করেছে বিসিবি। দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলের কিছু ক্রিকেটার গেলেও সুযোগ পাবেন কয়েকজন নতুন মুখ। শুধু এই সফরই নয়, এরপর ভারতীয় ‘এ’ দল বাংলাদেশ সফর করবে। এবং বাংলাদেশ নারী ‘এ’ দল আরেকটি বিদেশ সফর করবে চলতি বছরই। সবমিলিয়ে পাইপলাইনে যথেষ্ট পরিমাণ বিকল্প খেলোয়াড় তৈরিতে মনোযোগী হচ্ছে বিসিবি।

গতকাল জানা গেছে, দক্ষিণ আফ্রিকা পৌঁছে প্রিটোরিয়াতে ২১ ও ২২ জুলাই দুই দিন অনুশীলন করবে নারী দল। এখানেই ২৩, ২৮ ও ৩১ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। পরে ম্যান্ডেলা ওভালে তিনটি টি-২০ ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ‘এ’ দল।