মেসির লাল কার্ড প্রত্যাহারের অনুরোধ আর্জেন্টিনার

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২০:৫৯

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে লিওনেল মেসির দেখা লাল কার্ড প্রত্যাহার করতে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের কাছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) অনুরোধ করেছে বলে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

স্থানীয় সংবাদপত্র লা নাসিওন দাবি করেছে, কনমেবলের কাছে লিখিত এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছে এএফএ।

চিলির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে চিলির গারি মেদেলকে পেছন থেকে চ্যালেঞ্জ করেন তিনি। তাত্ক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো মেদেল মেসিকে বুক ও হাত দিয়ে ধাক্কা দেন। রেফারি দুই জনকেই সরাসরি লালকার্ড দেখান। এটা ছিল ২০০৫ সালের পর ক্লাব বা জাতীয় দলের হয়ে মেসির প্রথম লাল কার্ড। পত্রিকাটি লিখেছে যে, কনমেবলের ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো ডকুমেন্টে সই আছে মেসিরও। এএফএ মনে করে, বার্সেলোনার তারকা ফরোয়ার্ডের লাল কার্ড পাওয়াটা প্রাপ্য নয় এবং এ ঘটনায় হলুদ কার্ডই যথেষ্ট ছিল। —বিডি নিউজ