বিবিসি ও রয়টার্স
ডেমোক্র্যাট দলীয় চার নারী কংগ্রেস সদস্যকে উদ্দেশ্য করে ‘বর্ণবাদী’ মন্তব্য করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ট্রাম্প ও রিপাবলিকান দলের যারা তাঁর পক্ষ নিয়েছিলেন প্রতীকীভাবে তাদের লজ্জা দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধি পরিষদে নিন্দা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে পক্ষে ২৪০ ও বিপক্ষে ১৮৭ ভোট পড়ে। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সহজেই নিন্দা প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবে বলা হয়, ‘প্রতিনিধি পরিষদ জোরালোভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের নিন্দা করছে। তাঁর এসব মন্তব্য নতুন আমেরিকান ও ভিন্ন বর্ণের লোকদের প্রতি ভয় ও ঘৃণাকে বৈধতা দিয়ে তা বাড়িয়ে তুলবে।’
ভোটাভুটিতে চার রিপাবলিকান দলীয় সদস্য ও একজন স্বতন্ত্র সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে প্রস্তাবের পক্ষে ভোট দেন। হোয়াইট হাউস তাত্ক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও গভীর রাতে এক টুইটে ট্রাম্প বলেন, ‘চার ডেমোক্র্যাট কংগ্রেসওম্যানের বিষয়ে আমি যে বিবৃতি দিয়েছি তা নিয়ে আজকের ভোটে রিপাবলিকান পার্টি যেমন ঐক্যবদ্ধ ছিল তা দেখে গর্ববোধ করছি।’
ডেমোক্র্যাটদের মধ্যে প্রগতিশীল হিসেবে পরিচিত ঐ চার সংখ্যালঘু নারী প্রতিনিধির নাম উল্লেখ না করে রবিবারের টুইটে ট্রাম্প ‘যেসব ব্যর্থ ও অপরাধপ্রবণ দেশ থেকে তারা এসেছে, তাদের সেখানে চলে যাওয়ার’ পরামর্শ দিয়েছিলেন। যে চার নারী কংগ্রেসওম্যানকে ট্রাম্প আক্রমণ করে কথা বলেছেন তারা ‘দ্যা স্কোয়াড’ হিসেবে পরিচিত। এঁরা হলেন- নিউইয়র্কের আলেকজান্ড্রিয়া ওকাসিও-কোর্তেজ, মিনেসোটার ইলহান ওমর, ম্যাসাচুসেটসের আইয়ানা প্রেসলি ও মিশিগানের রাশিদা তালিব। এঁরা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক। তাঁদের মধ্যে তিন জনের জন্ম যুক্তরাষ্ট্রে। এই নারীরা ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ঐ নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যায়।
ট্রাম্পের ঐ ‘বর্ণবাদী’ মন্তব্যের পর এ নিয়ে ব্যাপক সমালোচনামূলক প্রতিক্রিয়া দেখা দেয় এবং গত তিন দিন ধরে তা অব্যাহত থাকে। অনেকেই ধারণা করছেন, বিভক্তি তৈরি করতেই ট্রাম্প উদ্দেশ্যমূলকভাবে ‘দ্যা স্কোয়াডকে’ আক্রমণ করেছিলেন। কারণ এর আগের সপ্তাহে ডেমোক্র্যাট দলীয় প্রগতিশীল এই চার নারী কংগ্রেস সদস্যের সঙ্গে প্রতিনিধি পরিষদের স্পিকার ডেমোক্র্যাট দলীয় নেত্রী ন্যান্সি পেলোসির তীব্র মতদ্বৈধতা তৈরি হয়েছিল। কিন্তু ট্রাম্পের উদ্দেশ্য সফল হয়নি। স্পিকার পেলোসি তাঁর দলের ঐ চার নারী প্রতিনিধির পাশে দাঁড়িয়ে ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন।
