ইত্তেফাক ডেস্ক
গতকাল বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে গত বছরের চেয়ে এ বছর পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে। ভালো ফলাফলে দেশজুড়ে উচ্ছ্বাস দেখা গেছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
কুমিল্লা :এইচএসসি ও সমমানের পরীক্ষায় আটটি শিক্ষা বোর্ডের মধ্যে দেশের সেরা অবস্থানে রয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড। এ বোর্ডে এ বছর গড় পাশের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় বেড়েছে পাশের হার ও জিপিএ-৫। বুধবার ঘোষিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন। গত বছর এ বোর্ডে পাশের হার ছিল ৬৫.৪২ ও জিপিএ-৫ পেয়েছিল ৯৪৪ জন। এবার বোর্ডের ছয়টি জেলার ৩৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩১টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি। এছাড়া জেলাওয়ারি ফলাফল বিশ্লেষণে এ বোর্ডের অধীন জেলাগুলোর মধ্যে ৮৬.৮৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে শীর্ষ অবস্থানে রয়েছে চাঁদপুর জেলা। এ বছর পাশের দিক থেকে মেয়েরা কিছুটা এগিয়ে আছে। ছেলেদের পাশের হার ৭৭.১২ এবং মেয়েদের ৭৮.২৭ শতাংশ।
পাশের হারে যশোর বোর্ডে
সেরা খুলনা জেলা
খুলনা অফিস :এইচএসসি পরীক্ষায় পাসের হারে যশোর বোর্ডে শীর্ষে রয়েছে খুলনা জেলা। এ বছর খুলনার ১০১টি কলেজ থেকে ২৪হাজার ৭৬৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ২০হাজার ২৩৯জন শিক্ষার্থী। পাসের হার ৮৩ দশমিক ২৫ শতাংশ। গত বছরও পাসের হারে বিভাগের সেরা ছিলো খুলনা জেলা।
বোর্ডের পক্ষ থেকে শীর্ষ তালিকা প্রকাশ না করায় সেরা কলেজ বের করা যায়নি। তবে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজই সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে বলে জানা গেছে।
কলেজগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বিগত দিনে বোর্ডে শীর্ষে অবস্থান করা কলেজগুলো এবারও ভালো ফলাফল করেছে। তবে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার হার গতবারের চেয়ে কমেছে।
এদিকে নতুন কলেজ হিসাবে এবার তুলনামূলক ভালো ফলাফল করেছে জেলা প্রশাসন পরিচালিত খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। কলেজটি থেকে এবারই প্রথম ৪৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে চারজন এবং এ-পেয়েছে ৩০ জন শিক্ষার্থী।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জানান, শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিংসহ বিভিন্ন পদক্ষেপ এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় এ বছর ভালো ফলাফল হয়েছে। আগামীতে আরো ভালো ফলাফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
দিনাজপুরে বেড়েছে পাসের হার
ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা
দিনাজপুর অফিস :দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে গতবারের তুলনায় বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েদের তুলনায় এগিয়ে রয়েছে ছেলেরা। এই শিক্ষা বোর্ডে অকৃতকার্য ৩৫ হাজার ৮২ জনের মধ্যে শুধুমাত্র ইংরেজিতেই ফেল করেছে ২৯ হাজার ৬৮ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৯ জন। এ দিকে সাতটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাশ করেনি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের আট জেলার মোট ৬৫৮টি কলেজ থেকে শিক্ষার্থীরা এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করেছে ২০টি কলেজ থেকে। আর সাতটি কলেজ থেকে কেউ পাস করেনি। যেসব কলেজ থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি ওই কলেজগুলো হলো—পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তমিজউদ্দীন কলেজ, কুড়িগ্রামের রাজারহাটের সিঙ্গার দবিরহাট বিএল হাই স্কুল এন্ড কলেজ, লালমনিরহাটের কালীগঞ্জের দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ ও আদিতমারীর নামুরি হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের পীরগঞ্জ আদর্শ কলেজ, দিনাজপুরের বিরামপুরের বেপারীতলা আদর্শ কলেজ এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামুনডাঙ্গা এম এম হোসেইন মোহাম্মদ এরশাদ স্কুল অ্যান্ড কলেজ।
রাজশাহীতে পাসের হারে এগিয়ে মেয়েরা
স্টাফ রিপোর্টার, রাজশাহী:রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫১ হাজার ১৩৪ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৪৮ হাজার ৬৭২ পরীক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ১ লাখ ১৩ হাজার ৫৫০ জন। এ শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭৬ দশমিক ৩৮ শতাংশ। ছাত্রদের চেয়ে পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রদের পাসের হার ৭১.৩২ এবং ছাত্রীদের পাশের হার ৮১ দশমিক ২১ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রীদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্ররা। জিপিএ-৫ প্রাপ্ত ৬ হাজার ৭২৯ শিক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৫৪১ জন ছাত্র এবং ৩ হাজার ১৮৮ জন ছাত্রী।
ময়মনসিংহের সেরা ১২ কলেজে
জিপিএ-৫ পেয়েছে ১১৩৭ জন
ময়মনসিংহ :এইচএসসির ফলাফলে এ বছর ময়মনসিংহ জেলার সেরা ১২ কলেজ থেকে এ বছর ১ হাজার ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছে। ১২ কলেজের মধ্যে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। এখানে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন ও পাশের হার শতভাগ; ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৫২৭ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন ও পাশের হার ৯৯.৪৩; শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে ১২৭২ পরীক্ষা দিয়ে পাশ করেছে ১২৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩২৫, পাশের হার ৯৮.৯০; সরকারি মুমিনুন্নিসা কলেজে ৯৯৪ পরীক্ষা দিয়ে পাশ করেছে ৯৭৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৮৯জন ও পাশের হার ৯৮.৩৯; সরকারি আনন্দ মোহন কলেজে ৯৯২ পরীক্ষা দিয়ে পাশ করেছে ৯৪৪ জন। এখানে জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন ও পাশের হার ৯৫.১৬; কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে ৮৩২ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৮০৩ জন। এই প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন ও পাশের হার ৯৬.৫১; নটর ডেম কলেজে ১১৪১ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৯৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন ও পাশের হার ৯৫.৭৯; অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৪৬৯ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৪৪ জন। এখানে জিপিএ-৫ পেয়েছে ৭ জন ও পাশের হার ৯৪.৬৭; ফুলবাড়ীয়ার আছিম শাহাবুদ্দীন কলেজে ৭৩২ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৮৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন ও পাশের হার ৯৩.৯৯; আলমগীর মুনসুর মেমোরিয়াল (মিন্টু) কলেজে ৭৫৫ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ জন ও পাশের হার ৮৯.২৭; শম্ভুগঞ্জ জিকেপি কলেজে ৩৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৯৩ জন।
এখানে জিপিএ-৫ পেয়েছে ২ জন ও পাশের হার ৮৪.৬৮; মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজে ৭৪৭ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন ও পাশের হার ৮৩.৬৭ এবং আকুয়ায় ময়মনসিংহ সরকারি কলেজে ৭৭৪ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬২৩ জন। এই প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ৮ জন ও পাশের হার ৮০.৪৯।
যশোর বোর্ডে বেড়েছে জিপিএ-৫ ও পাসের হার
যশোর অফিস :এইচএসসিতে গত দুই বছর নিম্নমুখী ফলের পর এবার ঘুরে দাঁড়িয়েছে যশোর শিক্ষা বোর্ড। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে ১৫ দশমিক ২৫ শতাংশ। এবার যশোর বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬০ দশমিক ৪০। এ বছর বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তিও। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৩১২ জন। গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৮৯ জন। তবে ২০১৬ সালে ৮৩ দশমিক ৪২ ভাগ পাশের হার নিয়ে দেশসেরা হয়েছিল যশোর বোর্ড। বুধবার
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ ফলাফল নিশ্চিত করে জানিয়েছেন, এবারের ফলাফল সন্তোষজনক।
