অতিবর্ষণে ১১ দিন ধরে রাবার বাগানে কষ আহরণ বন্ধ

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:২৩

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

অতিবর্ষণের কারণে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সন্তোষপুর রাবার বাগান থেকে কষ আহরণ বন্ধ রয়েছে।

প্রতিদিন রাবার বাগান থেকে ১৬শ কেজি রাবার কষ আহরণ হয়ে থাকে। বন শিল্প উন্নয়ন করপোরেশনের (বশিউক) ১ হাজার ৩৬ একর রাবার বাগান রয়েছে সন্তোষপুরে। রাবার গাছ থেকে প্রতিদিন কষ আহরণ করেন দুই শতাধিক ট্রেপারম্যান। ৬ জুলাই থেকে অতিবর্ষণের কারণে কষ আহরণ বন্ধ রয়েছে। কষ আহরণ বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন ট্রেপারম্যানরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রেপারম্যান জানান, আমরা কাজ করলে টাকা পাই। ১১ দিন ধরে রাবার কষ আহরণ বন্ধ থাকায় না খেয়ে দিনাতিপাত করছি।

অপর এক ট্রেপারম্যান জানান, রাবার বাগান জঙ্গলে ভরে গেছে। জঙ্গল পরিষ্কার না করায় কষ আহরণ বাধাগ্রস্ত হচ্ছে। সাপের ভয়ে কোনো ট্রেপার জঙ্গল থেকে কষ আহরণ করতে চায় না।

রাবার বাগান ব্যবস্থাপক মফিজুল হক খান জানান, প্রাকৃতিক কারণে রাবার কষ আহরণ ১১ দিন ধরে বন্ধ রয়েছে। জঙ্গল থাকার বিষয়টি জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।