মাগুরা প্রতিনিধি
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার শালিখা উপজেলার সীমাখালীতে চিত্রা নদীর ওপর নির্মিত সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রিজটি তিন বছর যাবত্ ভেঙে পড়ে আছে। ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি দুইটি ১০ চাকার পাথর বোঝাই ট্রাকসহ তিনটি ভারী যানবাহনের চাপে ভেঙে পড়ে এটি। এরপর ব্রিজটি পানিতেই পড়ে আছে। পাশ দিয়ে বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ করা হলেও ভাঙা ব্রিজটি অপসারণ না করায় নদীর পানি প্রবাহ ব্যাহত হচ্ছে।
উপজেলার সীমাখালীতে চিত্রা নদীর ওই লোহার ব্রিজের উপর দিয়ে সরাসরি মাগুরা-যশোর-খুলনা সড়কের যান চলাচল করত। ওই দুর্ঘটনার পর ব্রিজটি ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। চালকরা ঝিনাইদহ হয়ে অতিরিক্ত ৪০ কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে যাতায়াত করতে বাধ্য হন।
শালিখা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন জানান, ব্রিজটি ভেঙে পড়ে থাকায় নদীর পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। সেইসঙ্গে মূল্যবান সরকারি সম্পদও নষ্ট হচ্ছে। এছাড়া ব্রেইলি ব্রিজটি ছোট। তাই এখানে নতুন ব্রিজ নির্মাণ করা দরকার।
মাগুরা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ভেঙে পড়া ব্রিজটি অপসারণের জন্য অচিরেই ওয়ার্ক অর্ডার দেওয়া হবে এবং এখানে একটি নতুন ব্রিজ নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।
