দুর্ভোগে দুই শতাধিক খাসিয়া পরিবার

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:২৪

শ্রীমঙ্গলে খাসিয়াপুঞ্জির কাঁচা রাস্তা

অনুজকান্তি দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাত্র ১০ কিলোমিটার কাঁচা রাস্তার কারণে শহর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে খাসিয়া পুঞ্জির দুই শতাধিক পরিবার। কর্দমাক্ত রাস্তায় যাতায়াতের মাধ্যম হিসেবে চান্দের গাড়িখ্যাত পুরোনো জিপ গাড়িগুলোই তাদের চলাচলের একমাত্র ভরসা। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে গত এক সপ্তাহ ধরে গাড়িগুলো আর ওই রাস্তায় চালানো সম্ভব হচ্ছে না। ফলে বিঘ্নিত হচ্ছে নৃ-গোষ্ঠীর খাসিয়াদের স্বাভাবিক জীবনযাপন।

উপজেলার সিন্দুরখান ইউনিয়নের নাহার-এক, নাহার-দুই ও লাংলিয়া পুঞ্জিতে যাওয়ার জন্য রাস্তা দুটি পাকাকরণ না হওয়ায় এই তিন পুঞ্জির খাসিয়া সদস্যরা যুগ যুগ ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ শ্রীমঙ্গল থেকে টিপরাছড়া হয়ে নাহার-এক ও লংলিয়া পুঞ্জিতে যেতে মাত্র ৫ কিলোমিটার এবং হরিণছড়া হয়ে নাহার-দুই পুঞ্জিতে যেতে আরো ৫ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করা হলেই বদলে যেতে পারে এই তিন পুঞ্জিতে বসবাসরত দুই শতাধিক পরিবারের কয়েক হাজার খাসিয়া সদস্যের ভাগ্য।

জানা যায়, নাহার-এক নং খাসিয়া পুঞ্জিতে ৩৫/৪০টি পরিবারে ২৫০ থেকে ৩০০ জন এবং নাহার দুই নং পুঞ্জিতে ৫০/৫৫টি পরিবারে ৪০০ থেকে ৪৫০ জন ও লাংলিয়া পুঞ্জিতে ১০০/১৫০টি পরিবারের ১ হাজার থেকে ১ হাজার ২০০ জন বসবাস করেন। যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এখানকার বাসিন্দারা নিরাপদ খাবার পানি, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনের অভাবে ভোগান্তিতে আছে।

নাহার-এক পুঞ্জির প্রধান ডিবারমিন পতাম, নাহার-দুই পুঞ্জির প্রধান ফেরলি সুরং, সহকারী প্রধান স্বপন দে ও লাংলিয়া পুঞ্জির প্রধান কিরিং লাংথং বলেন, আমরা খাসিয়ারা এখানে ৫০/৬০ বছর ধরে বসবাস করছি। এত দীর্ঘ সময়ের মধ্যে আমারা শুধু বিদ্যুতের আলো পেয়েছি মাত্র।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, পুঞ্জিগুলো ক্ষুদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠীর এলাকা। এসব এলাকার রাস্তাঘাট নির্মাণে উপজেলা পর্যায়ে সরকার থেকে কোনো বরাদ্দ আসে না। তবে নাহার-এক, নাহার-দুই ও লাংলিয়া পুঞ্জিবাসীর যাতায়াত সুবিধার জন্য রাস্তা দুটি পাকাকরণের সুপারিশ করে উপজেলা প্রশাসন থেকে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৃথকভাবে সহযোগিতা চেয়ে খুব শিগগিরই চিঠি দেওয়া হবে। বরাদ্দ এলে কাজ শুরু হবে।