জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুর উপজেলায় দুর্গত মানুষের মধ্যে সরকারিভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ১০টি বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হলেও সেখানে বন্যা কবলিত কোন পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে উঠেননি। গতকাল বুধবার দিনব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্থ পৌর শহর, চিলাউড়া হলদিপুর ও রানীগঞ্জ ইউনিয়নের আংশিক এলাকার ৫শতাধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রদানকৃত ত্রাণ সামগ্রীর চাল, ডাল, চিড়া, মুড়ি, লবন, তেলসহ বিভিন্ন পণ্যের প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিতরন করেছেন ইউএনও ভারপ্রাপ্ত ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পিআইও দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান।
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪৫ মেট্রিক টন জিআর চাল বিতরণ শুরু হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে এসব চাল বিতরণ করেন। বুধবার দিনব্যাপী ১০ কেজি করে ৯টি ইউনিয়ন ও পৌরসভায় সাড়ে ৪ হাজার পরিবারের মধ্যে জিআর এর চাল বিতরণ করা হয়। এর মধ্যে রহিমপুর ইউনিয়নে ৮ মে.টন, পতনঊষার ইউনিয়নে ৫ মে.টন. মুন্সীবাজার ইউনিয়নে ৪ মে.টন, শমশেরনগর ইউনিয়নে ৪ মে.টন, কমলগঞ্জ সদর ইউনিয়নে ৪ মে.টন, আলীনগর ইউনিয়নে ৪ মে.টন, আদমপুর ইউনিয়নে ৫ মে.টন, মাধবপুর ইউনিয়নে ৩ মে.টন. ইসলামপুর ইউনিয়নে ৩ মে.টন ও কমলগঞ্জ পৌরসভায় ৫ মে.টন বরাদ্ধ করা হয়।
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা জানান, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার কলারাই বাজারে বন্যার্তদের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা ভূমি কর্মকর্তা আফছানা তাছনিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
