ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে বজ্রপাত ও বিদ্যুত্স্পৃষ্টে তিন জন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
রাজশাহীতে বিদ্যুত্স্পৃষ্টে যুবক নিহত
মহানগরীর নাওদাপাড়া এলাকায় মঙ্গলবার রাতে বিদ্যুত্স্পৃষ্টে আল আমিন নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়ার মেরাজুল ইসলামের ছেলে।
নগরীর শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
কামারখন্দে বিদ্যুত্স্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে বুধবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে কাঠমিস্ত্রি রফিকুল ইসলাম নিহত হয়েছেন। তিনি উপজেলার রায়দৌলতপুর গ্রামের মৃত ঠান্ডু সেখের ছেলে। কামারখন্দ উপজেলার সীমান্তবর্তী গ্রাম উল্লাপাড়া উপজেলার পাথারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুত্ফর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অবস্থায় উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক রফিকুলকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে মঙ্গলবার রাতে বজ্রপাতে মাজেদুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাড়িপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
