অভয়নগরে মাত্রাতিরিক্ত লোডশেডিং

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:২৭

অভয়নগর (যশোর) সংবাদদাতা

ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে অভয়নগর উপজেলাবাসী। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। লোডশেডিংয়ে ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে। পৌর এলাকা থেকে শুরু করে গ্রামাঞ্চলে দিনে-রাতে চলছে লোডশেডিংয়ের যন্ত্রণা। বিগত কয়েকদিন ধরে সকাল  থেকে রাত ১২টা পর্যন্ত ১৫/২০ বার লোডশেডিং দেখা যায়। মাঝে মাঝে বিদ্যুত্ আসলেও ৩০মিনিট পর আবার চলে যায়। এভাবেই চলছে যশোর পল্লী বিদ্যুত্ সমিতি-২-এর গ্রাহক সেবা।

যশোর পল্লী বিদ্যুত্ সমিতি-২-এর ডিজিএম জানান, উপজেলায় বিদ্যুতের চাহিদা অনুযায়ী সবটাই পাচ্ছি, পৌর এলাকায় কোনো লোডশেডিং নেই। ঝড়-বৃষ্টিতে বিভিন্ন ফিডারে গাছ পড়ার কারণে লাইন বন্ধ হয়ে যাচ্ছে। তবে এই সমস্যা থাকবে না বলে আশ্বস্ত করেন তিনি।