বড়কুঠি হস্তান্তরের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:২৭

রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশাসনিক ভবন বড়কুঠি সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করে। ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সভাপতি রাশেদ রিমন ও সাংগঠনিক সম্পাদক ইসরাফিল আলম।

বক্তারা বলেন, বড়কুঠি থেকে বিশ্ববিদ্যালয় প্রথম যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে এটি জড়িত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ঐতিহ্যের কথা না ভেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুটিকয়েক ব্যক্তি এটি সংস্কৃতি মন্ত্রণালয়ে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন কোনো ঐতিহ্য সংস্কৃতি মন্ত্রণালয়ের নিজস্ব অর্থায়নে ঐ বিশ্ববিদ্যালয়ের মালিকানায় রেখে সেটি মেরামত করতে পারে। কিন্তু সেটি হস্তান্তর করতে পারে না। আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত বাতিল করে বড়কুঠিকে বিশ্ববিদ্যালয়ের মালিকানায় রাখুক।