হাজীগঞ্জে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:২৮

আহত ১০

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের হাজীগঞ্জে যুবলীগের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার রামপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

উপজেলা যুবলীগ সূত্রে জানা গেছে, ১৪ জুলাই উপজেলা যুবলীগ শ্যামল চন্দ্র শীলকে আহ্বায়ক ও আশরাফুজ্জামান মজুমদার ১নং ও হুমায়ুন খলিফাকে ২নং যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কালচোঁ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন দেয়। কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতা-কর্মীরা ওই কমিটিকে প্রতিহতের ঘোষণা দেয়। গতকাল বুধবার বিকেলে ঘোষিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেয় পদবঞ্চিতরা। পদবঞ্চিতদের অভিযোগ, ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে অবৈধভাবে এ কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।

রামপুর বাজার ব্যবসায়ীরা জানান, বুধবার সকালে নতুন আহ্বায়ক কমিটির সমর্থিতরা মিষ্টি বিতরণ করতে বাজারে উপস্থিত হয়। অপর দিকে পদবঞ্চিতরা মিছিলের জন্য লোকজন নিয়ে বাজারে জড়ো হতে থাকে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। এময় গাউছিয়া টাওয়ারে ভাঙচুর ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। সংঘর্ষে গাউছিয়া টাওয়ারের কর্মচারী আবুল বাসার, মাসুম হোসেন ও মোহন আহত হয়। এছাড়াও পদবঞ্চিত পক্ষের ৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলা যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল বলেন, বর্তমান কমিটির সদস্যরা বুধবার সকালে রামপুর বাজারে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। এ ঘটনা ও পদবি তদের পূর্বঘোষিত কর্মসূচি নিয়ে মূলত: সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুবলীগের কেউ মাদক বেচাকেনা ও সেবনে জড়িত থাকতে পারবে না।

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি জানান, কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।