ইত্তেফাক রিপোর্ট
গতকাল সকাল ১১টা। আকাশে ঝলমলে রোদ। তার ওপর ভ্যাপসা গরম। এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সকাল থেকেই মায়াভরা মুখের ছড়াছড়ি। সবার চোখে-মুখে অস্থিরতার ছাপ। দুপুর ১টায় এইচএসসির ফল প্রকাশিত হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নামে আনন্দের বন্যা। যারা ভালো ফল করেছেন তারা ঢাক-ঢোল পিটিয়ে নেচে-গেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে উদ্বেলিত হয়ে ওঠেন শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে। শিক্ষার্থীদের ঐ মুহূর্ত ভাগাভাগি করে নিয়েছেন শিক্ষক-শিক্ষিকা, স্কুলের কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকরা।
রাজউক উত্তরা মডেল কলেজ : শতভাগ পাশ করেছে রাজউক উত্তরা মডেল কলেজে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১২২ জন। যা গত চার বছরের তুলনায় সবচেয়ে বেশি। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০১৯ সালে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে ১ হাজার ৫৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছেন। পাশের হার শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১২২ জন শিক্ষার্থী। জিপিএ-৫ বেড়েছে ৩৬৭টি। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলম বলেন, বিগত চার বছরের তুলনায় এবার রাজউক কলেজের ফলাফল সর্বোচ্চ। হয়ত ঢাকার সব কলেজগুলোর মধ্যে আমরা সেরা। প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল এটি।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ: জিপিএ-৫ এবং পাশের হার দুটিই কমেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। এবার পাশের হার ৯৯ দশমিক ৩২ ভাগ, যা গত বছর ছিল ৯৯ দশমিক ৭৮ ভাগ। এছাড়া এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭৭৫ জন, যা গতবার ৯৫৭ জন। শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগম বলেন, এবার আমাদের মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৯২৫ জন, যার মধ্যে পাশ করেছে ১ হাজার ৯১২ জন। বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৩৮৩ জন, মানবিক থেকে ২৫৮, ব্যবসায় শিক্ষা থেকে ২৮৪ জন অংশ নেয়। এবার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৯৭ জন, মানবিক বিভাগ থেকে ১৯, ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৬৯ জন জিপিএ-৫ পেয়েছে।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ঃ সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৩৪২ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ বেড়েছে। গত বছর শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়েছিল ২৫৬ জন। শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৯৬। বিজ্ঞান বিভাগ থেকে ৪৭২ জনের মধ্যে ২৩৭ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৯২ জনের মধ্যে ৮৪ জন এবং মানবিক বিভাগ থেকে ১৩২ জনের মধ্যে ২১ জন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠান প্রধান প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, এইচএসসির ফলাফলের ক্রান্তিকালে ৩৪২ জিপিএ-৫ প্রাপ্তি আবারও প্রমাণ করল আমাদের এ প্রতিষ্ঠান সত্যিকার অর্থেই অনন্য এবং এ প্রতিষ্ঠান মেধাবী শিক্ষার্থীদের প্রতিষ্ঠান।
মাইলস্টোন কলেজ : উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজের পাশের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৮৪৮ জন। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২ হাজার ২১১ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। বিজ্ঞান বিভাগ থেকে ১৭৫১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে, পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৮০৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়, পাসের হার শতভাগ। মানবিক বিভাগ থেকে ১৪১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে, পাসের হার শতভাগ। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই একটা লক্ষ্য নির্ধারণ করে আমরা নিরলসভাবে কাজ করি। একটা সুন্দর পাঠ-পরিকল্পনার মাধ্যমে আমাদের স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করি।
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ : যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে শতভাগ পাশসহ ২৯৭ জন জিপিএ-৫ পেয়েছে । প্রতিষ্ঠানের পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ হাজার ৩২৩। বিজ্ঞান বিভাগ থেকে ২৫২, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪০ ও মানবিক বিভাগ থেকে ৫ জন জিপিএ-৫ পেয়েছে।
অধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ বলেন, শতভাগ পাশ এবং ২৯৭ জিপিএ-৫ প্রাপ্তিতে আমরা আনন্দিত ও কৃতজ্ঞ।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ: এ বছরও আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছে। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ হাফিজুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। এ বছর কলেজ থেকে ২ হাজার ২১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশের হার শতভাগ। ১ হাজার ২৪১ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে। বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৪৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১০৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ হতে ৫৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১০৫ জন এবং মানবিক বিভাগ হতে ১৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।
ক্যাডেট কলেজসমূহে সাফল্য
আইএসপিআর জানায়, দেশে ১২টি ক্যাডেট কলেজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান, যা সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এ বছর এইচএসসি পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ হতে মোট ৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯৪ জন জিপিএ-৫ পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে।
