ব্যবসায়ীদের সেবা মিলবে অনলাইনে

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:৩১

ইত্তেফাক রিপোর্ট 

পেপারলেস ট্রেড সুবিধা প্রদানের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ বলেছেন, আমদানি ও রপ্তানি অধিদপ্তরে অনলাইন লাইসেন্সিং মডিউল চালুর মাধ্যমে দেশে ব্যবসা-বাণিজ্য সহজ করার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেলো। এতে করে ব্যবসায়ীদের জন্য বিভিন্ন সেবা অনলাইনে দেওয়া সম্ভব হবে। তাদের অর্থ, শ্রম ও সময় সাশ্রয় হবে। গতকাল বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের পুষ্পদাম রেস্টুরেন্ট কনভেনশন হলে অনলাইন লাইসেন্সিং মডিউল (ওএলএম) ও ৭ দিনব্যাপী নিবন্ধন সনদ নবায়ন মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদেরকে লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে আর আমদানি-রপ্তানি অফিসে আসতে হবে না। আমদানি-রপ্তানি অফিস এখন ডিজিটাল।  তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে হলে পেপারলেস ট্রেডের বিকল্প নেই। ব্যবসায়ীরা যাতে বাণিজ্যসংক্রান্ত সকল সেবা সহজেই পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমদানি ও রপ্তানি অধিদপ্তরের প্রধান নিয়ন্ত্রক প্রাণেশ রঞ্জন সূত্রধর।