জমি নিয়ে বিরোধের জেরে মারামারি, নারায়ণগঞ্জে যুবদলকর্মী গুলিবিদ্ধ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এসময় রাসেল আহম্মেদ (৩৩) নামের স্থানীয় এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার বাসিন্দা হারুন অর রশিদ ঘরবাড়ি নির্মাণ করে বেশ কিছুদিন ধরে রূপগঞ্জ ইউনিয়নের বাগেরআগা গ্রামে স্বপরিবারে বসবাস করে আসছিলেন। এরই মধ্যে তিনি আক্কাস আলী নামের এক বাসিন্দা থেকে আরও কিছু জমি কিনে নেন। ওই একই ব্যক্তি থেকে জমি কিনে নেন বাড়িয়াছনি গ্রামের সিরাজ আহম্মেদের ছেলে যুবদল নেতা শামীম আহম্মেদও। বুধবার সেই জমির ভূমি জরিপ চলাকালে দুই পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে হারুন অর রশিদ একটি পিস্তল হাতে প্রকাশ্যে গুলি করতে শুরু করেন।

এসময় যুবদল নেতা নেতা শামীম আহম্মেদের পক্ষ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা আরেক যুবদলকর্মী রাসেল আহম্মেদ ডান পায়ে গুলিবিদ্ধ হয়। গুলির শব্দ ছড়িয়ে পড়তেই আতঙ্ক সৃষ্টি হয় চারপাশের এলাকায়। সবশেষ যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য জানতে চেয়ে  হারুন অর রশিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সফল হওয়া যায়নি। অন্যদিকে যুবদল নেতা শামীম আহম্মেদ বাদী হয়ে হারুন অর রশিদসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এপি