মিরসরাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক দুটি ঘটনায় সাবিহা তাসনিম (২) ও  আড়াই বছর বয়সী ইয়াফি নামের দুই শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিকার জনার্দ্দনপুর গ্রামের সুলতান মৌলভী বাড়ির মাজতাব হোসেনের একমাত্র কন্যা সন্তান সাবিহা তাসনিম (২) ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়।

সাবিহার চাচা ইকবাল হোসেন জানান, দুপুরে সবাই ঘরে খেতে বসলে ফাবিহাকে না দেখতে পেয়ে একপর্যায়ে ঘরের পাশের পুকুরে তাকে ভাসতে দেখেন তার মা সাবরিনা আক্তার। তারপর তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা হানিফ মিয়াজি জানান, বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে সাবিহাকে এবং  বিকেলে আসরের নামাজের পর জানাজা শেষে ইয়াফিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অপরদিকে, জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামে প্রবাসী মো. ইমরান হোসেনের মেয়ে ইয়াফি (আড়াই বছর) ঘরের পাশে পুকুরে পড়ে মারা যায়। 

ইয়াফির প্রতিবেশী হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ ইয়াফিকে না দেখে সবাই খুঁজতে থাকেন। পরে বাড়ির পাশের পুকুরে ইয়াফিকে ভাসতে দেখে উদ্ধার করে মস্তাননগর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জয়া ধর বলেন, শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। পানিতে ডুবে যাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এএস/এএইচপি