মোহাম্মদ শরীফ
দেখতে দেখতে শেষ হয়ে গেল এবারের বিশ্বকাপের আসর। নানা ঘটনা-অঘটনার হিসাব-নিকাশের ছিল এই বিশ্বকাপ। তবে সবচেয়ে নাটকীয় ছিল এবারের ফাইনাল ম্যাচটি। সুপার ওভারের নাটকীয়তা আর নতুন আইনের মারপ্যাঁচে কাপ জিতলো ইংল্যান্ড। প্রথমবারের মতো কাপ নেওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। দুইবার সমতা করেও ট্রফি ছুঁতে পাড়লো না কিউইরা। এনিয়ে টানা দুবার বিশ্বকাপ ফাইনাল খেলেও ট্রফির মালিক হতে পারলো না কালো জার্সিধারীরা। তবে আক্ষেপ ঘুচেছে ইংলিশদের। ক্রিকেটের জন্মদাতা হয়েও বিশ্বকাপ না নিতে পারার হতাশা তাদের তাড়া করেছে এতকাল। অবশেষে লর্ডসে নতুন ইতিহাস বুনলেন মরগ্যান, স্টোকস, বাটলার আর রোটেরা। সেমি-ফাইনালের আশা হারানো দলটি আজ ট্রফির গায়ে নাম লিখলো। অবশ্য এই বিশ্বকাপে বাংলাদেশের চাওয়াটা ছিল আরো একটু বেশি। বিশেষ করে ম্যাশের শেষ বিশ্বকাপটা স্মরণীয় করে রাঙাতে চেয়েছিল বাংলাদেশ। সেমিফাইনালের আগে বিদায় নিলেও, বাংলাদেশের একটি আশা বেঁচেছিল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হবে বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট। ৬০০ রানের সঙ্গে ১০ উইকেট যে এক টুর্নামেন্ট অসাধারণ অর্জন; তা সকল ক্রিকেট বোদ্ধাই স্বীকার করবেন। আর পুরো আসরেই সাকিব ছিলেন সবচেয়ে দামি প্লেয়ার। অনেক সমালোচকই মনে করেন, সাকিব বাংলাদেশের না হয়ে; ভারত, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের হলেই পেয়ে বসতেন টুর্নামেন্ট সেরার ট্রফি। এবারের বিশ্বকাপে বিদায় নিতে যাচ্ছেন বিশ্ব মাতানো কিছু ক্রিকেটার। মহেন্দ্র সিং ধোনির মতো দ্বিতীয় কোনো ক্রিকেট পলিসিয়ান ভারত আগামী একশ বছরে পাবে কি না জানা নেই। মুহূর্তে গুটির চালে খেলার রূপ পরিবর্তন করে দেওয়া এই খেলোয়াড় থাকবেন না আর কোনো আন্তর্জাতিক ক্রিকেটে। ছক্কার বরপুত্র ক্রিস গেইলও নিলেন অবসর। এছাড়া পাকিস্তানের শোয়েব মালিক, ক্রিকেট উদযাপনের নায়ক দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের মতো খেলোয়াড় চলে যাচ্ছেন অবসরে। বাংলা ক্রিকেটের ম্যাশ অবসরের একটা গুঞ্জন থাকলেও, এখনি তা নিচ্ছেন না। নানা রং আর নাটকীয়তার বিশ্বকাপ সত্যি স্মরণীয় হয়ে থাকবে যুগ যুগ ধরে।
n লেখক :শিক্ষার্থী, ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা
