এক দুপুরের ঘটনা। মালিবাগ চৌধুরীপাড়ার মেইন রোডের পাশে আবুল হোটেলের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাত্ দেখি একজন ভদ্রমহিলা তাঁর স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছেন। ঠিক সেই মুহূর্তে একটি দ্রুতগামী বাস এসে কড়া ব্রেক কষে থামিয়ে তাদের রক্ষা করে। বাসের ড্রাইভার ঠিক সময়ে ব্রেক কষতে না পারলে নির্ঘাত একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে যেত। যদিও আবুল হোটেলের সামনে একটি ফুটওভারব্রিজ আছে। সেখানে নিয়মিত তিনজন ট্রাফিক পুলিশ উপস্থিত থাকেন। তবু ট্রাফিক পুলিশের উপস্থিতিতে কিছু অসচেতন পথচারী ফুটওভারব্রিজ ব্যবহার না করে ব্যস্ত রাস্তা পারাপার হচ্ছে। এমন দৃশ্য আমরা হরহামেশা দেখে অভ্যস্ত হয়ে গেছি।
পথচারীদের ভুলের কারণে যেসব সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়, তার জন্য সরকারেরও দায়ভার আছে। পথচারীদের সচেতন করতে সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা সারা বছর অব্যাহত রাখতে হবে। পাশাপাশি উন্নত দেশের মতো জরিমানা আদায়ের ব্যবস্থাও রাখা যেতে পারে। তখন পথচারী বাধ্য হয়ে ঠিক পথেই পা বাড়াবে। সর্বোপরি, ট্রাফিক পুলিশের উপস্থিতিতে পথচারীদের ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার কোনোভাবেই কাম্য নয়। এই বিষয়ে প্রশাসনিক উদ্যোগ একান্তই কাম্য।
সৈয়দ আসাদুজ্জামান সুহান
চৌধুরীপাড়া, মালিবাগ, ঢাকা
