বরগুনার রিফাত হত্যা

মিন্নি ৫ দিনের রিমান্ডে

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২২:০৩

বরগুনা (উত্তর) প্রতিনিধি

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গতকাল বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে মিন্নিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে আয়েশা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনে আনা হয়। একটানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাত ৯টায় তাকে গ্রেফতার দেখানো হয়। পুলিশ সুপার আরো জানান, রিফাত শরীফ হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে জীবিত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত ১০ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি তিন জন এখনো রিমান্ডে রয়েছে। এদের মধ্যে  আরিয়ান শ্রাবণের পাঁচ দিনের রিমান্ড গতকাল বুধবার শেষ হয়। তাকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।

প্রসঙ্গত, গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের গেট থেকে ধরে নিয়ে আয়েশা সিদ্দিকা মিন্নির স্বামী শাহনেওয়াজ রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ড-রিফাত ফরাজী বাহিনী। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ঘটনার পরদিন ২৭ জুন ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান সাক্ষী মিন্নি। কিন্তু রিফাত হত্যায় তার সংশ্লিষ্টতা পেয়ে ঘটনার ২১ দিন পর তাকে গ্রেফতার করে পুলিশ।