প্রধানমন্ত্রী জনগণের জন্য চার দশক ধরে কাজ করে যাচ্ছেন :তথ্যমন্ত্রী

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২২:০৬

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে গত প্রায় চার দশক ধরে কাজ করে যাচ্ছেন। গতকাল বুধবার একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘গণতন্ত্র বন্দি দিবস’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, দলে অনেক সুযোগসন্ধানী ঢুকেছে। অনেক অনুপ্রবেশকারীও ঢুকেছে। সুযোগসন্ধানী-অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমদ মনগড়া বক্তব্য দিয়েছেন দাবি করে তথ্যমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কুমিল্লার আদালতে সংঘটিত ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন  বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যারা দলে সম্পৃক্ত হয়েছেন তারা দলের দুঃসময়ে ছিলেন না।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল প্রমুখ।