বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৭০.৬৫ মেয়েরা এগিয়ে

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২২:০৭

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবারে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ। এ বোর্ডে গত বছরের চেয়ে ৫৩১টি জিপিএ-৫ বেড়েছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০১ জন। এর মধ্যে ৭৩৫ জন মেয়ে ও ৪৬৬ জন ছেলে। গতকাল বুধবার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম এক সংবাদ সম্মলনে এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, গত বছরের তুলনায় বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার এবার কিছুটা বেড়েছে। সঙ্গে জিপিএ-৫-এর সংখ্যাও বেড়েছে। তিনি আরো বলেন, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ৬৫ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে পাশ করেছে ৪৪ হাজার ৮৮৭ জন। এর মধ্যে মেয়ে পাশ করেছে ২৩ হাজার ৬২৯ এবং ছেলে ২১ হাজার ২৫৮ জন। জেলা ভিত্তিক পাশের হারে বরিশাল জেলা ৭৪ দশমিক ১৭ ভাগ পাশ করে প্রথম অবস্থানে রয়েছে। ৭৩ দশমিক ২৯ নিয়ে দ্বিতীয় স্থানে ভোলা, ৬৯ দশমিক ৫৩ নিয়ে তৃতীয় স্থানে পিরোজপুর, ৬৯ দশমিক ৫২ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বরগুনা জেলা, ৬৬ দশমিক ৮২ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঝালকাঠি এবং ৬৫ দশমিক ৯ ভাগ পাশের হার নিয়ে সবার নিম্নে রয়েছে পটুয়াখালী জেলা।

এদিকে প্রতি বছরের ন্যায় এবছরও এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে শীর্ষস্থান অধিকার করেছে বরিশাল ক্যাটেড কলেজ। কলেজের অধ্যক্ষ কর্নেল কাজী আনিসুজ্জামান জানান, এ বছর ৪৯ জন ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতেক্যেই জিপিএ-৫ পেয়েছে।

পাশের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

বরিশাল শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫-এ মেয়েরা এগিয়ে রয়েছে। এ বোর্ডে মোট পাশের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে মেয়েদের পাশের হার ৭৫ দশমিক ৪৮ শতাংশ ও ছেলেদের ৬৫ দশমিক ৯৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০১ জন। এর মধ্যে মেয়ে ৭৩৫ জন ও ছেলে ৪৬৬ জন। বরিশাল শিক্ষা বোর্ড সূত্র জানায়, ৬৩ হাজার ৫৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন ৪৪ হাজার ৮৮৭ জন। এর মধ্যে ছাত্র ২১ হাজার ২৫৮ জন এবং ছাত্রী ২৩ হাজার ৬২৯ জন। পাশের হারেও এগিয়ে মেয়েরা।