সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুর থেকে তারা অবরোধ কর্মসূচি শুরু করে। সেখান থেকে চার দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় তারা আন্দোলনকারীরা। একইসঙ্গে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আবারও মাঠে নামার ঘোষণা দিয়ে বিকালে অবরোধ তুলে নেয়।
গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালেয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এটি আয়োজন করা হয়। অধিভুক্তির কারণে সাত কলেজের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চরম ভোগান্তিতে পড়ছেন উল্লেখ করে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়।
আন্দোলনকারীদের দাবিগুলো হচ্ছে- চলতি শিক্ষাবর্ষ থেকেই সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে, দুই মাসের মধ্যে সব পরীক্ষার ফলাফল দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন করতে হবে এবং ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ এবং রিকশাভাড়া নির্ধারণ করতে হবে।
