বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফেনীর সোনাগাজী থানার তত্কালীন ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস শামস জগলুল হোসেন অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচার শুরু হলো। এ সময় তার (ওসি মোয়াজ্জেম) বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নজরুল ইসলাম শামীম। তিনি ওসি মোয়াজ্জেমকে জিজ্ঞেস করেন নুসরাতের ভিডিও ভাইরাল করার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৬, ২৯ ও ৩১ ধারায় আপনার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো। আপনি দোষী না নির্দোষ? কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওসি মোয়াজ্জেম বলেন, ‘আমি নির্দোষ’।
দুপুর ২টায় ওসি মোয়াজ্জেমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার পক্ষে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়। ট্রাইব্যুনাল রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে মোয়াজ্জেমের আবেদন নামঞ্জুর করে। পরে ওসি মোয়াজ্জেমকে দোষী না নির্দোষ জিজ্ঞেস করলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর ট্রাইব্যুনাল আগামী ৩১ জুলাই সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করে।
এর আগে গতকাল সকালে মোয়াজ্জেমকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নিয়ে আসা হয়।
