কুমিল্লায় এজলাসে খুন

কোর্টের ভেতরে আসামি ছুরি নিয়ে ঢুকল কী করে :হাইকোর্ট

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২২:১৪

হত্যা মামলার আসামির ছুরি নিয়ে আদালত কক্ষে প্রবেশের ঘটনায় পুলিশের অবহেলা রয়েছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। আদালত বলেছে, একজন আসামি কিভাবে কোর্টের ভেতরে ছুরি নিয়ে প্রবেশ করে? পুলিশ কি করে? এটা পুলিশের দায়িত্বে অবহেলা। এক রিট আবেদনের ওপর শুনানিতে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই মন্তব্য করেন।   আদালত বলেন, সুপ্রিম কোর্ট বারেও আসামির ওপর হামলা করা হয়েছে। এ অবস্থায় কোর্টে আইনজীবী, বিচারক ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, দুটি ঘটনাই ব্যক্তিগত। তখন রিটকারী আইনজীবী ইশরাত হাসান বলেন, নিরাপত্তা তো ব্যক্তি বিশেষের জন্য নয়, সকলের। এটা নিশ্চিত করা দরকার। একজন আইনজীবীও ঐ হামলার শিকার হতে পারতেন।

পরে আদালত ৩০ জুলাই পর্যন্ত রিট আবেদনটি মূলতবি রাখেন। এ সময়ের মধ্যে দেশের সকল আদালতে বিচারক, আইনজীবী ও কর্মকর্তাদের নিরাপত্তায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলা হয়। একই সঙ্গে কুমিল্লার আদালতে নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও জানাতে বলা হয়েছে এ সময়ে। মঙ্গলবার আদালত অঙ্গন ও বিচারকদের যথাযথ নিরাপত্তা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইশরাত হাসান।