চলতি সপ্তাহে ফের বৈঠকে বসছে ওয়াশিংটন-মস্কো: ল্যাভরভ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৬

মস্কো ও ওয়াশিংটনের মধ্যে চলতি সপ্তাহের শেষের দিকে নতুন বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) আঙ্কারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, কূটনৈতিক মিশন পরিচালনায় বাধাগুলো দূর করতে চলতি সপ্তাহে রাশিয়া-যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ আলোচনা শুরু হবে।

ল্যাভরভ জানান, গত সপ্তাহে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ফলাফল সম্পর্কে তিনি তুর্কিকে অবহিত করেছেন।

তিনি বলেন, আমরা আমাদের তুর্কি বন্ধুদের ১৮ ফেব্রুয়ারি রিয়াদে অনুষ্ঠিত রুশ-আমেরিকান আলোচনার বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেছি।

ইউক্রেন সংঘাত নিরসনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে শীর্ষ রুশ কূটনীতিক বলেন, ইউক্রেন, ইউরোপ এবং যে কোনো ইচ্ছুক পক্ষের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত মস্কো। তবে মস্কোর কাছে গ্রহণযোগ্য একটি সমঝোতায় পৌঁছানোর পরেই কেবল লড়াই বন্ধ হবে।

তিনি স্মরণ করিয়ে দেন, রাশিয়া বেশ কয়েকবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, কিন্তু ইউক্রেন নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য এসব মানেনি।

ল্যাভরভ বলেন, ২০২২ সালের এপ্রিলে ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে একটি চুক্তি হয়েছিল, কিন্তু সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তা আটকে দেন এবং রাশিয়াকে দুর্বল করতে পশ্চিমারা তা বাস্তবায়নে বাধা দেয়।

ল্যাভরভের মতে, সংঘাত নিরসনে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি নিয়োগের প্রত্যাশা করছে। ভবিষ্যতে যে কোনো শান্তি চুক্তিতে ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি না করা আবশ্যক হওয়া উচিত।

ইত্তেফাক/এসকে