প্রত্যেক পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২২:১৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় প্রত্যেকের পরিবারকে কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে রেল সচিব, রেলওয়ের মহাপরিচালক, স্থানীয় সরকার সচিবকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে ক্ষতিপূরণ আদায়ে হাইকোর্টে রিট করা হবে।

১৫ জুলাই সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ ১১ জন নিহত হয়। এ ঘটনায় গতকাল বুধবার বেসরকারি সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে আইনজীবী হুমায়ুন কবির পল্লব ডাকযোগে এ নোটিশ পাঠান। নোটিশে নিহতের প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে এবং আহতদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।