তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ ছাড়া উন্নয়ন সম্ভব নয় —জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২৩:৫৭

তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ ছাড়া উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে প্রযুক্তির নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। নতুন নতুন প্রযুক্তির সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে।

বুধবার সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিনেট হলে ‘আইসিটি বেসিকস অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট’ ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। 

উপাচার্য বলেন, ‘বাংলাদেশে একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে ই-ফাইলিংয়ের কাজ চালু হয়েছে। দেশের আর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অফিস ম্যানেজমেন্টে ই-ফাইলিং সিস্টেম চালু হয়নি। দেশের সর্ববৃহত্ এ বিশ্ববিদ্যালয়টি পরিচালনায় এর বিকল্পও নেই। কারণ  একটি কেন্দ্রীভূত প্রশাসন দিয়ে বিশাল পরিসরের এ বিশ্ববিদ্যালয় পরিচালনা অসম্ভব। এ কারণেই এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক স্টাফকে তথ্যপ্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।’

উপাচার্য আরো বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে এই বিশ্ববিদ্যালয়ের ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করছে। সিইডিপির মাধ্যমে কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা বিদেশে গিয়েও প্রশিক্ষণ নিচ্ছেন। এর মাধ্যমে আমরা বিশ্বমানের শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য কাজ করছি।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেনিং প্রোগ্রামের কোর্স উপদেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এবং ট্রেনিং প্রোগ্রামের কোর্স কো-অর্ডিনেটর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

তুরাগে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগে ডুবে রুবেল হোসেন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কড্ডা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত রুবেল হোসেন গাজীপুর সিটির দেওয়ালিয়াবাড়ি এলাকার রবি মিয়ার ছেলে। রুবেল ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস ও নিহতের স্বজনরা জানায়, একই কলেজে অধ্যয়নরত ১৩ বন্ধু রবিবার সকালে ইঞ্জিনচালিত একটি নৌকা নিয়ে কালিয়াকৈর উপজেলার মকশ বিলে বেড়াতে যায়। তুরাগের ডুবাইল বিল এলাকায় গিয়ে দুই বন্ধু সাঁতরে তুরাগ পাড়ি দেওয়ার জন্য ঝাঁপ দেয়। কিছুক্ষণ সাঁতার কাটার পর তারা ক্লান্ত হয়ে যায়। এসময় অপর সহপাঠীরা শাহান নামে এক বন্ধুকে উদ্ধার করতে সক্ষম হলেও রুবেল নিখোঁজ ছিল।