সাভার উপজেলার আশুলিয়ায় একটি ভূমি দখলদার চক্রের বিরুদ্ধে এক হিন্দু পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। চক্রটি ইতিমধ্যেই সম্পত্তির বেশ কিছু অংশের জাল দলিল সৃষ্টি করে পুরো সম্পত্তি আত্মসাতের চেষ্টা চালাচ্ছে। সম্পত্তির মালিক ধীরেন্দ্র চন্দ্র সরকার এর প্রতিবাদ ও মামলা দায়ের করলে ওই ভূমিদস্যুচক্র সংখ্যালঘু পরিবারটিকে অনবরত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি সন্ত্রাসীরা ওই হিন্দু পরিবারটির বাড়ির সামনে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘু পরিবারটি। জান-মালের নিরাপত্তার জন্য পরিবারটির পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।
থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালী মৌজার ৯০ নম্বর খতিয়ানের ১৪৩ নম্বর দাগের ১১ বিঘা জমি ক্রয়সূত্রে মালিক হন বেরন এলাকার নন্দ কিশোর মণ্ডলের পুত্র জয় নারায়ণ মন্ডল। তার মৃত্যুর পর তার দুই ছেলে ধীরেন্দ্র ও মনিন্দ্র ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তির মালিক হন। ধীরেন্দ্র চন্দ্র সরকার বংশ পরস্পরায় পৈতৃক সম্পত্তি ভোগদখল করে এলেও সম্প্রতি এলাকার ভূমিদখলকারী চক্রের সদস্য সোলায়মান মোল্লা, ফজলুল কবির, সেলিম ও জামান ধীরেন্দ্র সরকারের সম্পত্তি দখল করে তাদের উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে। তারা ওই সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টাসহ পরিবারটিকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করে আসছে।
এ ব্যাপারে ধীরেন্দ্র সরকার তার পরিবারের নিরাপত্তার জন্য আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, যার নম্বর-৬২৬। থানায় অভিযোগ করার পর প্রতিপক্ষ আরো বেপরোয়া হয়ে ওঠে এবং অভিযোগ তুলে না নিলে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে তারা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘু পরিবারটি।
