কবরস্থানের গেটে ট্রাক্টরের ধাক্কা লাগায় দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০২

মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় একটি কবরস্থানের গেটের কিছু অংশ ভেঙে যায়। এই ঘটনাকে কেন্দ্র সংঘর্ষে জড়িয়েছে দুই দল গ্রামবাসী। সংঘর্ষে একজন নিহত হয়েছে। আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে একটি দোকান।

বুধবার (২৬ ফেব্রুয়রি) সকাল ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত হৃদয় হোসেন একই উপজেলার চরগোয়াল গ্রামের সাহাদত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, চরগোয়ল গ্রামের কেন্দ্রীয় কবরস্থানের অবস্থান রামনগর ও চরগোয়াল গ্রামের মাঝামাঝি স্থানে একটি মাঠের মধ্যে। কয়েকদিন দিন আগে রামনগর গ্রামের মিরাজুল ইসলাম ওরফে মিরা নামে এক ব্যক্তি ট্রাক্টর নিয়ে মাঠে যায়। ট্রাক্টরটি ঘোরাতে গিয়ে কবরস্থানের গেটের কিছু অংশ ভেঙে যায়। গেটের ক্ষতিপূরণের দাবিতে চরগোয়াল গ্রামের লোকজন বুধবার দুপুরে রামনগর গ্রামের বাজারে যায়। এসময় জান্নাত অটো নামের একটি দোকানে বসে মীমাংসার আলোচনা চলছিল। এক পর্যায়ে চরগোয়াল গ্রামের লোকজন ওই ট্রাক্টরের চাবি কেড়ে নেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক এবং সংঘর্ষ শুরু হয়। এতে আহত হয় হৃদয়সহ কয়েকজন। তাদের তাদের উদ্ধার করে বামন্দীর একটি হাসপাতালে নিয়ে গেলে হৃদয়কে মৃত ঘোষণা করা হয়।

এ খবর পেয়ে চরগোয়াল গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে গিয়ে জান্নাত অটোতে ভাঙচুর ও আগুন দেয়। এতে দুটি মোটরসাইকেল ও দোকানের সব কিছু পুড়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাংনী থানার অফিসার ইনচার্জ বানি ইসরাইল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যায় জড়িতদের আটকে পুলিশ মাঠে নেমেছে। 

ইত্তেফাক/এপি