দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য শাহবাগের সুফিয়া কামাল কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির উন্মুক্ত চত্বরে আয়োজন করেছে বইমেলার। প্রকাশনা প্রতিষ্ঠানটির ২০তম বছরে পদার্পণ উপলক্ষ্যে গতকাল বুধবার থেকে আয়োজন করা হয়েছে পনের দিনের বই উত্সব।
এ আয়োজনে সহস্রাধিক বইয়ের সম্ভার থেকে ১২০টিরও বেশি বই কিনতে পারবেন মাত্র ২০ থেকে ৫০ টাকায়। এছাড়াও থাকছে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। রচনাবলি প্রকাশ করেছে ঐতিহ্য। এর মধ্যে রয়েছে রবীন্দ্র রচনাবলিসহ বিভূতিভূষণ, মানিক, জীবনানন্দ, শরত্ ও আল মাহমুদ রচনাবলি। পাঠক মহলে ঐতিহ্য রচনাবলি সমাদৃত হয়েছে। রচনাবলিতেও আছে বিশেষ ছাড়। এছাড়া, উত্সবকে সামনে রেখে প্রতিষ্ঠানটি ১০টি নতুন বই প্রকাশ করেছে।
প্রকাশনাটির স্বত্বাধিকারী আরিফুর রহমান নাঈম বলেন, সৃজনশীল বইয়ের প্রকাশনা সারাবিশ্বেই একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আগামী ৩ জুলাই পর্যন্ত বই উত্সব প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
