রাজধানীর সদরঘাটের পাটুয়াটুলীতে গতকাল বুধবার দুপুরে একটি তিনতলা ভবনের একাংশ ধসে পড়েছে। ধসে পড়া ভবনটির ভেতরে বাবা ও ছেলে আটকা পড়লে সন্ধ্যায় বাবার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, নিহত ব্যক্তির নাম জাহিদুল ব্যাপারী (৬০)। তার ছেলে শফিকুল ব্যাপারী (১৮) এখনো নিখোঁজ।
জানা গেছে, জাহিদুল ব্যাপারী ও তার ছেলে সদরঘাটে ফল ব্যবসা করতেন। মঙ্গলবার রাতে ফলের দোকান বন্ধ করার পর থেকে জাহেদ ব্যাপারীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ভবন ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস বলছে, ভবনের একটি রুমের ছাদ ধসে পড়েছে। উদ্ধারের সময় আরেকটি দেওয়াল ধসে পড়ে। এছাড়া ভবনটির আশপাশে কোনো জায়গায় নেই, ভবনে যাওয়ার রাস্তাও খুব সরু। ফলে উদ্ধারকাজ চালাতে খুবই বেগ পেতে হয়।
স্থানীয় ব্যবসায়ী মো. সোবহান জানান, তিনতলা এই ভবনটি ভোরের দিকে ধসে পড়ে। দুপুরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। এরপর ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাজ চালান। ভবনটি এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল, তার মধ্যে কয়েকদিনের বৃষ্টিতে আরো খারাপ অবস্থা ছিল।
