ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি সভাস্থল ঘিরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। একই দিনে বিএনপির দুই গ্রুপ একই স্থানে সভা আহ্বান করায় দেখা দিয়েছে উত্তেজনা। এরমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে সভা আহ্বান করে স্বেচ্ছাসেবক দল। যেখানে রুমিন ফারহানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রুমিন ফারহানার সভাস্থলের পেছন থেকে অবিস্ফোরিত ৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল ২৮ ফেব্রুয়ারি একটি সভার আহ্বান করে। সভায় কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে। একই দিনে একই মাঠে পাল্টা সভা করার ঘোষণা দিয়েছে আশুগঞ্জ উপজেলা আড়াইসিধা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। তবে গত তিনদিন ধরে সেখানে মঞ্চ নির্মাণের কাজ করছিল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মূলত একই দিনে বিএনপির দুই গ্রুপের সভা আহ্বান করায় এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা। সবশেষ সভাস্থলের কাছ থেকে ককটেল উদ্ধারের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের সূত্র জানা যায়, আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল বিপ্লব উপজেলার আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে সভা করার অনুমতি চেয়ে ১০ ফেব্রুয়ারি আবেদন করেন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুলিপি দেওয়া হয়। এই সভায় কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে।
অন্যদিকে একই স্থানে ২০ ফেব্রুয়ারি আড়াইসিধা ইউনিয়ন বিএনপির কর্মী সভা করার আবেদন করে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া। আবেদনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুলিপি দেওয়া হয়।
এই বিষয়ে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন, সভাস্থলে ককটেল পাওয়ার বিষয়টি আসলে রাজনৈতিক নোংরামি ছাড়া আর কিছু না। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে এগুলো করছে। কিছু লোক পরিচ্ছন্ন রাজনীতিতে টিকতে না পেরে এবং তাদের কর্মকাণ্ডে মানুষের কাছে গ্রহণযোগ্যতা না থাকায় তারা এসব করে যাচ্ছে।
আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাকিম পাটোয়ারি বলেন, আড়াইসিধা স্কুলের সামনে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যায়। ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ইতোমধ্যে সেনা সদস্যদের খবর দেয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ এই কাজ করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
