ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুজনের, আহত ২০

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই মিঠাছরা বাজার এলাকায় বাস-কাভার্ডভ্যানে সংঘর্ষে কাভার্ডভ্যান চালক ও বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় মহাসড়কের মিঠাছরা পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার পশ্চিম মাদারবাড়ী এলাকার শাহ আলমের ছেলে সোহাগ (৩৫) ও যাত্রীবাহী বাস নীরব পরিবহনের সুপারভাইজার ঝালকাঠি জেলার কাঠারিয়া থানার লতিফ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩৫)।

আহতরা হলেন- শাহরিয়ার (১৮), শারমিলা (১৬), রোলামা (১২), উম্মে ছালমা (১৬), আলমিয়া (১৪), মারিয়া (১৫), কামরুজ্জমান (৪২), আবদুর রশিদ (৫০), আয়েশা আক্তার (৪২), মিজান উদ্দিন (৬৩)। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় মহাসড়কের মিঠাছরা বাজার এলাকায় চট্টগ্রামমুখী অংশে নীরব পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এসময় কাভার্ডভ্যানটি উল্টে মহাসড়কের ডিভাইডার পার হয়ে ঢাকামুখী অংশে গিয়ে আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। পরবর্তীতে ঢাকামুখী লেইনে থাকা শ্যামলী পরিবহনের একটি বাস উল্টে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়।

এতে করে চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। আহত হয় প্রায় ২০ জন বাস যাত্রী। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বোরহান বলেন, ভোররাতে মহাসড়কের মিঠাছরা বাজার এলাকায় চারটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/আইএ/এপি