ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে ---------মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০০:৩৭

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিজিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান তিনি। গতকাল বুধবার মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার পুরান ঢাকার নাজিরাবাজার, কাজী আলাউদ্দিন রোড ও সংলগ্ন এলাকা পরিদর্শন ও ঐতিহ্যবাহী পুরান ঢাকার খাবার খাওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

গতকাল মার্কিন রাষ্ট্রদূত পুরান ঢাকার হাজীর বিরিয়ানি, বাখরখানি ও মাঠার স্বাদ গ্রহণ করেন। পরে তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনমূলক  লিফলেট এলাকাবাসীর মধ্যে বিতরণ করেন। রবার্ট মিলার পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার খুব সুস্বাদু বলে মন্তব্য করেন। তাকে আতিথেয়তার জন্য মেয়র সাঈদ খোকনকে ধন্যবাদ জানান ।

রবার্ট মিলার বলেন, বাংলাদেশে আমাদের ছোট্ট একটা অফিস আছে। যেখানে বাংলাদেশে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ হয়।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি করপোরেশনের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে বলে কথা দিয়েছে। তারা ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে আমাদের।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।