চাঁপাইনবাবগঞ্জে ককটেল হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৬

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬

চাঁপাইনবাবগঞ্জে ককটেল হামলায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার বারঘোরিয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- বারোঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশীদ, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের লালচাঁনের ছেলে রহমত আলী, বারোঘরিয়া ইউনিয়নের আমিরুল ইসলামের ছেলে নাজমুল হক, বারোঘরিয়া বাজার এলাকার মশিউর রহমানের ছেলে সাকিম, জেলা শহরের আলীনগর ভূতপুকুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে সারমিন খাতুন ও বারোঘরিয়া বাজার এলাকার শাহ আলমের ছেলে মো. সিহাব।

পুলিশ, স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাজারের মধ্যে হঠাৎ করেই মোটরসাইকেলে এসে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ককটেলের স্প্রিন্টারে ইউপি চেয়ারম্যান হারুনসহ অন্তত ৬ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুন-অর-রশীদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনোয়ার মাহমুদ জানান, হাসপাতালে ৬ জন্য চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে হারুন-অর-রশীদকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা এখানেই চিকিৎসা নিচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ককটেল হামলার ঘটনায় ব্যবহার করা একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।

ইত্তেফাক/এপি