বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের জানাজা শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রিয় নেতাকে শেষবিদায় দিতে হাজির হন হাজারো নেতা-কর্মী।
জানাজায় অংশ নিতে সকাল থেকে দূরদূরান্তের মানুষ আসতে থাকেন জমিয়াতুল ফালাহ মসজিদে। কারও হাতে ফুলের তোড়া, বুকে শোকের কালো ব্যাজ। মসজিদ কমপ্লেক্স ভরে যায় মুসল্লিতে। মাঠও কানায় কানায় ভরে যায় জুমার নামাজের আগে। জানাজা শেষে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান এই রাজনীতিবিদকে।
গত মঙ্গলবার সকালে ঢাকায় বিএনপির এই ভাইস চেয়ারম্যানের মৃত্যু হয়। এরপর হেলিকপ্টারযোগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তার মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামে আনা হয়। এর আগে ঢাকায় ধানমন্ডি, জাতীয় সংসদ ভবনসহ কয়েকটি জায়গায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ আসরের নামাজের পর চট্টগ্রামের রাউজানের গহিরা হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবদুল্লাহ আল নোমানকে দাফন করার কথা রয়েছে।
