চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু শনিবার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫১

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হবে রোজা। তাদের সঙ্গে মিল রেখে চাঁদপুরেও অর্ধশতাধিক গ্রামে শনিবার থেকে রোজা শুরু হবে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

 চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের পীরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী রোজা রাখার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার এসব গ্রামে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজা পালনের আনুষ্ঠানিকতা শুরু করেছেন এ মতের অনুসারীরা। 

শুক্রবার রাতে ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাটের বাসিন্দা আনোয়ার হোসেন মামুন মুন্সি জানান, সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেই পবিত্র রোজা পালনের সিদ্ধান্ত নেন তারা। তার মতো একই নিয়মের অনুসারীরাও রোজা পালনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। 

একই এলাকার মসজিদের ইমাম মাওলানা মাহবুব আলম বলেন, ‘আরবি ও চন্দ্র মাস হিসাব করেই ইমাম আবু হানিফা (রা.) এর তরিকায় বিশ্বাস করে আমরা রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি। যেমনটি অন্য বছরও করে থাকি।’

উল্লেখ করা প্রয়োজন, চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর মাওলানা ইসহাক (র.) বিগত ১৯২৮ সালে এই দেশে প্রথম রোজা ও দুটি ঈদ এমনভাবে প্রচলন শুরু করেন। তারপর থেকে তার অনুসারীরা সেই নিয়ম মেনে এখন পর্যন্ত এই দেশে আগাম রোজা পালন ও ঈদ উৎসব  চালু রেখেছেন।

ইত্তেফাক/এনএন