চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশে একটি নদীতে ছোট ফেরি ও অন্য একটি নৌযানের সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ পাঁচ জনের খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।
গত মঙ্গলবার ইউয়ানশুই নদীতে দুর্ঘটনার সময় ১৯ জন পানিতে পড়ে যায়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শত শত উদ্ধারকর্মী ফেরিটির ধ্বংসাবশেষ উদ্ধার করতে সক্ষম হয়েছে। আজ শনিবার বিশেষ উদ্ধারকারী দল পানির নিচে অনুসন্ধান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাংহাইভিত্তিক নিউজ প্লাটফর্ম দ্য পেপার জানিয়েছে, উদ্ধার হওয়া এক ব্যক্তি বলেছেন, তিনি পা দিয়ে ফেরির একটি জানালা ভেঙে পালিয়ে বের হন।
বেঁচে যাওয়া একজনের আত্মীয় স্থানীয় সংবাদকে বলেছেন, ফেরিটি তাদের গ্রাম থেকে লোকজনের আসা-যাওয়ার প্রধান পথে কাজ করেছিল।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় (এমইএম) এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য কারণ নির্ধারণে একটি বিশেষ দল পাঠিয়েছে। দুর্ঘটনার সাথে জড়িত তেল বর্জ্য পুনরুদ্ধারকারী জাহাজটি থেকে তিনজনকে আটক করা হয়েছে।
